শত্রুপক্ষের রাডার শনাক্ত ও ধ্বংস করতে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে ইরান। ‘হরমুজ’ নামের এই ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার থেকে নির্গত সংকেত শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে সক্ষম বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইরানের বার্তা সংস্থা ফারস নিউজের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালি এসব তথ্য জানিয়েছেন।
বিলালি বলেন, ইরানের সামরিক বিশেষজ্ঞরা যুদ্ধক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছেন। এরই অংশ হিসেবে হরমুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে, যার মূল লক্ষ্য শত্রুপক্ষের রাডারব্যবস্থা শনাক্ত করে আঘাত হানা।
তার ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি রাডার থেকে নির্গত বৈদ্যুতিক চৌম্বকীয় সংকেত শনাক্ত করতে পারে। এরপর সেই সংকেতের উৎস অনুসরণ করে সংশ্লিষ্ট রাডারব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।
আইআরজিসির এই কর্মকর্তা জানান, ইরানের সামরিক প্রযুক্তিবিদরা এমন ক্ষেপণাস্ত্র তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন, যেগুলো শত্রুর রাডার থেকে নির্গত সংকেত ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানতে সক্ষম।
বিলালির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এখন আর শুধু বিদ্যমান বিদেশি অস্ত্রের প্রযুক্তি অনুকরণ বা পুনর্নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশটির বিশেষজ্ঞরা এখন যুদ্ধক্ষেত্রের নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ নতুন ধরনের ক্ষেপণাস্ত্রব্যবস্থা নকশা ও উৎপাদন করতে সক্ষম।
তিনি আরও বলেন, দেশীয় প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার উন্নতির ফলে ইরান নিজস্ব সামরিক চাহিদা অনুযায়ী নতুন অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে।


