...|...|...

বিশ্ব

ইরানে আগের চেয়ে পাঁচ গুণ বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৭
Shares
ইরানে আগের চেয়ে পাঁচ গুণ বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হলে তা আগের হামলার তুলনায় পাঁচ গুণ বড় হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাতার ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো নতুন করে যুদ্ধের তীব্রতা বাড়ানোর পরিবর্তে বর্তমান সামরিক কৌশল বজায় রাখার পক্ষে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, সোমবার (৯ নভেম্বর) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সি-স্প্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। একই সাথে তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ভেনিজুয়েলায় জয়ী হয়েছি, ইরানেও জয়ী হয়েছি। আমরা তাদের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছি। এমনকি তাদের নেতৃত্বকেও নিশ্চিহ্ন করে দিয়েছি।’

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়। যদিও প্রকাশ্যে তারা তা স্বীকার করছে না।’

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নতুন করে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত এলাকায় ইরান নতুন কোনো কার্যক্রম শুরু করলে সেখানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে বর্তমানে সেখানে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘মূল কথা হলো, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দিতে পারি না। কারণ তারা নিশ্চিতভাবেই সেই অস্ত্র ব্যবহার করবে।’

এদিকে উপসাগরীয় দেশগুলোর অবস্থান তুলে ধরে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। এসব দেশ নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের পরিবর্তে বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে মত দিয়েছে।

তিনি বলেন, ‘কাতারের প্রধানমন্ত্রী আজ ওভাল অফিসে এসেছিলেন। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের সঙ্গে কথা বলে বুঝেছি, তারা নতুন করে আরেকটি হামলার পরিবর্তে বর্তমান পদ্ধতিতেই পরিস্থিতি সামাল দিতে বেশি আগ্রহী। কারণ নতুন হামলা হলে তা আগেরটির তুলনায় প্রায় পাঁচ গুণ বড় হতে পারে।’