...|...|...

বিশ্ব

৮১ বছর বয়সে বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ লেখক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০:২০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১১:১২
Shares
৮১ বছর বয়সে বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ লেখক

ছবি: সংগৃহীত

২০২৬ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম. জন হ্যারিসন। ডিস্টোপিয়ান উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। ৮১ বছর বয়সে পুরস্কারটি জিতে বুকারের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বিজয়ী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন এই সাহিত্যিক।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, সোমবার (৯ নভেম্বর) লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের পুরস্কার ও ট্রফি তুলে দেন গত বছরের বুকারজয়ী লেখক ডেভিড সালাই।

‘দ্য এন্ড অব এভরিথিং’ হ্যারিসনের ১৩তম উপন্যাস। ইংল্যান্ডের কেন্ট উপকূলকে কেন্দ্র করে লেখা বইটির কাহিনি এগিয়েছে এক রহস্যময় বিপর্যয়ের পরবর্তী সময় নিয়ে। সেখানে ‘আইঘেটি’ নামে রূপ পরিবর্তনকারী এক রহস্যময় সত্তার আবির্ভাব ঘটে। এমন পরিস্থিতিতে সমুদ্রতীরে কুড়িয়ে পাওয়া জিনিসের ওপর নির্ভর করে বেঁচে থাকার চেষ্টা করেন এক ব্যক্তি ও তাঁর বয়স্ক খালা।

১৯৮ পৃষ্ঠার উপন্যাসটি এবারের বুকার পুরস্কারের চূড়ান্ত তালিকায় থাকা ছয়টি বইয়ের মধ্যে সবচেয়ে ছোট।

ইতিহাসবিদ ও সম্প্রচার ব্যক্তিত্ব মেরি বিয়ার্ডের নেতৃত্বাধীন বিচারক প্যানেল ১৬৩টি জমা পড়া বইয়ের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে হ্যারিসনের উপন্যাসটিকে বিজয়ী হিসেবে নির্বাচন করেন।

মেরি বিয়ার্ডের ভাষায়, বইটিতে ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে বর্তমানের রাজনীতিকে তুলে ধরা হয়েছে। তিনি উপন্যাসটির অন্ধকারাচ্ছন্ন রসবোধ, রাজনৈতিক ব্যঙ্গ এবং প্রতিকূলতার মধ্যেও আশাবাদের উপস্থিতির প্রশংসা করেন।

প্রায় ছয় দশক ধরে সাহিত্যচর্চায় যুক্ত হ্যারিসন মূলত কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি ঘরানার লেখক হিসেবে পরিচিত। বুকার প্রাইজ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, কল্পবিজ্ঞান সাহিত্যের জগৎ থেকে উঠে আসা তিনিই প্রথম লেখক, যিনি এই পুরস্কার অর্জন করলেন।

এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে যৌথভাবে বুকার পুরস্কার জিতে সবচেয়ে বয়স্ক বিজয়ীর রেকর্ড গড়েছিলেন কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউড। এবার সেই রেকর্ড ভাঙলেন হ্যারিসন।

এবারের চূড়ান্ত তালিকায় আরও ছিলেন সাবেক বুকারজয়ী মারলন জেমস ও ডগলাস স্টুয়ার্ট। পাশাপাশি ছিলেন এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরি।

হ্যারিসনের এই জয়ের মাধ্যমে স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সারপেন্টস টেইল’ প্রথমবারের মতো বুকার পুরস্কার অর্জন করল।

১৯৬৯ সালে প্রবর্তিত বুকার পুরস্কার ইংরেজি ভাষায় রচিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা কথাসাহিত্যকে স্বীকৃতি দেয়। যেকোনো দেশের লেখক এই পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথম বুকার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন হ্যারিসন। আর প্রথম মনোনয়নেই এই মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার জিতে ইতিহাস গড়লেন তিনি।