জার্মানির রাজধানী বার্লিনে দেশটির পার্লামেন্ট ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন এক তরুণ। প্রায় ৩০ মিটার উঁচু পতাকাদণ্ডে উঠে জার্মানির পতাকা সরিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ান তিনি। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দ্য বার্লিনের।
রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাইখস্টাগ ভবনের সামনের প্লাৎস ডার রিপাবলিক চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ২২ বছর বয়সী এক তরুণ পতাকাদণ্ড বেয়ে ওপরে উঠে জার্মানির জাতীয় পতাকা নামিয়ে মাটিতে ফেলে দেন। এরপর সেখানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। এ সময় ২০ ও ৩২ বছর বয়সী আরও দুই ব্যক্তি পতাকাদণ্ডের নিচে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করছিলেন।
পরে ‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’ নামের একটি সংগঠন এ ঘটনার দায় স্বীকার করে। সোমবার সকালে অনলাইনে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ফিলিস্তিনের জনগণের প্রতি নাগরিক সমাজের সংহতি প্রকাশ করতেই এই কর্মসূচি পালন করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন কর্মকর্তারা। এ সময় পতাকাদণ্ডের নিচে থাকা দুই সহযোগীকে আটক করা হয়।
অন্যদিকে ২২ বছর বয়সী তরুণ একটি নিরাপত্তা বেল্টের সাহায্যে পতাকাদণ্ডের চূড়ায় অবস্থান করছিলেন। প্রায় এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজেই নিচে নেমে আসেন।
পরে দমকল বাহিনীর সহযোগিতায় পতাকাদণ্ড থেকে ফিলিস্তিনের পতাকাটি সরিয়ে নেয় পুলিশ। তবে পতাকাদণ্ডের টান নিয়ন্ত্রণকারী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাথে সাথে জার্মানির জাতীয় পতাকা আবার উত্তোলন করা সম্ভব হয়নি।
এ ঘটনায় রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতীকের অবমাননা, ইচ্ছাকৃতভাবে সম্পত্তির ক্ষতিসাধন, বার্লিনের সমাবেশের স্বাধীনতাসংক্রান্ত আইন লঙ্ঘন এবং অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় প্রবেশের সন্দেহে তদন্ত শুরু করেছে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশ।
পুলিশ জানায়, পতাকাদণ্ডে ওঠা ২২ বছর বয়সী তরুণকে সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়। তার এক সহযোগীকেও আটক করা হয়েছিল। পরে ২০ বছর বয়সী ওই সহযোগীকে ছেড়ে দেওয়া হলেও সংশ্লিষ্ট এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
অন্যদিকে ৩২ বছর বয়সী অপর ব্যক্তিকে শুধু ওই এলাকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২২ বছর বয়সী তরুণের বিরুদ্ধে পরবর্তী তদন্তের দায়িত্ব রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ।


