ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভূগর্ভে আরবীয় টেকটোনিক পাতের দুটি বিশাল ফাটল শনাক্ত করেছেন চীনের বিজ্ঞানীরা। চীনা একাডেমি অব সায়েন্সেসের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষকদের মতে, পৃথিবীর ভূত্বকের গঠন ও মহাদেশগুলোর সংঘর্ষের প্রক্রিয়া বুঝতে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পৃথিবীর ভূত্বক কয়েকটি বিশাল টেকটোনিক পাতে বিভক্ত। এসব পাতের ধীরগতির নড়াচড়া ও সংঘর্ষের ফলে কোটি কোটি বছর ধরে বদলে যায় পৃথিবীর ভূপ্রকৃতি। হিমালয়সহ বিশ্বের অনেক পর্বতমালা ও ভূখণ্ড এভাবেই গড়ে উঠেছে।
কেন তৈরি হচ্ছে এত বড় ফাটল?
গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, আরবীয় টেকটোনিক পাতের বিভিন্ন অংশে থাকা শিলার ঘনত্ব ও গঠনগত পার্থক্য থেকেই ফাটলগুলোর সৃষ্টি হচ্ছে।
পাতটির একটি অংশ প্রাচীন নিও-টেথিস মহাসাগরের সমুদ্রীয় স্ল্যাবের অন্তর্ভুক্ত ছিল। এই অংশের ভারী ও তুলনামূলক পাতলা ব্যাসল্ট শিলা সাবডাকশন প্রক্রিয়ায় পাশের টেকটোনিক পাতের নিচে প্রবেশ করছে।
অন্যদিকে পাতটির মহাদেশীয় অংশের শিলা তুলনামূলক পুরু হলেও ঘনত্বে হালকা। ফলে এই অংশ নিচের দিকে প্রবেশে বাধা পায় এবং সংঘর্ষের চাপে ওপরের দিকে উঠে পর্বতমালা গঠন করে।
একই টেকটোনিক পাতের দুটি অংশে বিপরীতমুখী এই ভূতাত্ত্বিক প্রক্রিয়ার কারণে গভীরে বিশাল ফাটল তৈরি হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
গবেষকদের মতে, মহাদেশীয় ভূখণ্ডের সংঘর্ষের ফলে কীভাবে প্রাচীন মহাসাগর বিলীন হয়ে যায়, এই আবিষ্কার তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংশ্লিষ্ট ভূখণ্ডগুলো শেষ পর্যন্ত একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার জিওসায়েন্সে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, দুই ধরনের ফাটলের একসাথে উপস্থিতি সমুদ্রীয় পাতের নিমজ্জন থেকে মহাদেশীয় সংঘর্ষে রূপান্তরের প্রাথমিক ও তুলনামূলক স্বল্পস্থায়ী পর্যায়ের একটি বিরল চিত্র তুলে ধরেছে।
৬৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ
ভূগর্ভের এই পরিবর্তন শনাক্ত করতে গবেষকেরা ৬৯টি সিসমিক পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য ব্যবহার করেছেন। এসব কেন্দ্রের মাধ্যমে দূরবর্তী ভূমিকম্প থেকে সৃষ্ট কম্পন বিশ্লেষণ করে ভূগর্ভের শিলাস্তর ও টেকটোনিক পাতের গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ফাটল দুটির অবস্থান শনাক্ত করেন বিজ্ঞানীরা।
এর মধ্যে একটি ফাটল আনুভূমিকভাবে বিস্তৃত, যার অবস্থান জাগ্রোস সংঘর্ষ অঞ্চল ও মাকরান সাবডাকশন অঞ্চলের সংযোগস্থলে। অন্য ফাটলটি তুলনামূলক ছোট ও উল্লম্ব প্রকৃতির। এটি মাকরান ট্রেঞ্চের কাছে ভূপৃষ্ঠের অপেক্ষাকৃত অগভীর অংশে অবস্থিত।
গবেষণায় দেখা গেছে, মাকরান ও জাগ্রোস অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক পাতের আচরণে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
মাকরান সাবডাকশন অঞ্চলে সমুদ্রীয় লিথোস্ফিয়ার অন্তত ৪৫০ কিলোমিটার গভীর পর্যন্ত নেমে গেছে। বিপরীতে পশ্চিম জাগ্রোস সংঘর্ষ অঞ্চলে মহাদেশীয় লিথোস্ফিয়ার সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত হয়েছে।
এই গভীরতার পার্থক্যের কারণে নিচের দিকে নিমজ্জিত হতে থাকা শিলাস্তরের বিশাল স্ল্যাব পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।
বিজ্ঞানীরা আরও একটি স্ল্যাব ফাটলের সন্ধান পেয়েছেন, যার উৎপত্তি সম্ভবত মাকরান ট্রেঞ্চের সংযোগস্থলে।
গবেষকদের ধারণা, এসব ফাটলের বিস্তার কয়েক মিলিয়ন বছর ধরে চলছে। ভবিষ্যতে এগুলো একে অপরের সাথে যুক্ত হতে পারে। তবে এটি অত্যন্ত দীর্ঘমেয়াদি ভূতাত্ত্বিক প্রক্রিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ফাটলগুলোর মিলিত হওয়ার সম্ভাব্য সময় এতটাই দূরবর্তী যে তখন পৃথিবীতে মানুষের অস্তিত্ব না-ও থাকতে পারে।


