পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে রাবিয়া আহসান নামের এক টেলিভিশন উপস্থাপিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন অস্ত্রও জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন, বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকার নিজ বাড়ি থেকে রাবিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করতেন।
সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান মুশতাক সুখেরা জানান, এ ঘটনায় রাবিয়ার স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, বাড়ির এক পুরুষ গৃহকর্মী তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন, রাবিয়ার স্বামী দাবি করেছেন, দুর্ঘটনাবশত গুলি ছুটে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিপিও সুখেরা, এসএসপি অপারেশনস ও এসএসপি ইনভেস্টিগেশনের কর্মকর্তারা। তাদের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ছিল। পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির (পিএফএসএ) সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা নথিভুক্ত করে তদন্ত চালানো হচ্ছে। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে রাবিয়া আহসানের মৃত্যুতে শোক ও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। প্রেসিডেন্সি থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি রাওয়ালপিন্ডিতে পেশাজীবী নারীদের হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে গত আগস্টে একই শহরে নিজ বাসায় নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদের ঘটনাও স্মরণ করেন তিনি। ওই হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে উল্লেখ করেন আসিফা।


