গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে পৃথক তিনটি উদ্ধার অভিযানে ১২ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে। একই সাথে সাগরে বিপদগ্রস্ত নৌকাগুলো থেকে প্রায় ১০৫ জনকে জীবিত উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স।
সোমবার (৯ নভেম্বর) গ্রিসের কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম কাঠিমেরিনির বরাতে জানা যায়, ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে কাল লিমেনেস বন্দরের কাছে পৃথক তিনটি স্থানে এসব উদ্ধার অভিযান চালানো হয়।
প্রথম ঘটনায় কাল লিমেনেস থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল বা ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা দেখতে পায় মরক্কোর পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গ্রিসের কোস্টগার্ডের একটি জাহাজ। সেখান থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। পাশাপাশি ১২ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।
অন্যদিকে, পৃথক দুটি ঘটনায় কাল লিমেনেস থেকে প্রায় ৩০ ও ৩১ নটিক্যাল মাইল দক্ষিণে আরও দুটি অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকার সন্ধান পাওয়া যায়। নৌকা দুটিতে যথাক্রমে ৪৭ ও ৪০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।
নৌকাগুলোর অবস্থান শনাক্ত করতে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের বিমান ও চালকবিহীন উড়োজাহাজ ব্যবহার করা হয়। পরে ফ্রন্টেক্সের জাহাজগুলো অভিযান চালিয়ে মোট ৮৭ জনকে জীবিত উদ্ধার করে।
উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের কাল লিমেনেস বন্দরে স্থানান্তরের কথা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সব মিলিয়ে ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে পৃথক তিনটি অভিযানে প্রায় ১০৫ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।


