ইসরায়েলি মালিকানাধীন প্রমোদতরি ভেড়ানোকে কেন্দ্র করে গ্রিসের ইজিয়ান সাগরের সিরোস দ্বীপে বিক্ষোভ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভের কারণে পর্যটক ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) আনাদোলু এজেন্সি গ্রিক সংবাদমাধ্যম ‘কাথিমেরিনি’র বরাতে এ তথ্য জানিয়েছে।
গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, ‘ক্রাউন আইরিস’ নামের প্রমোদতরিটি মঙ্গলবার সকালে এক দিনের সফরে দ্বীপটিতে পৌঁছানোর কথা। জাহাজটিতে প্রায় ২ হাজার যাত্রী ও ৬৫০ জন ক্রু সদস্য থাকতে পারেন। এর আগমনকে কেন্দ্র করে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল। তবে নির্ধারিত স্থানে বিক্ষোভ হলে বিশৃঙ্খলা ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, সমুদ্রতীর থেকে দূরে অন্য কোনো স্থানে বিক্ষোভ করা যাবে। তবে আগে নির্ধারিত স্থানগুলোতে বিক্ষোভ হলে তা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারত। এতে মানুষের জীবন, শারীরিক নিরাপত্তা ও সম্পত্তির ক্ষতির পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল।
এদিকে প্রমোদতরিটির আগমন উপলক্ষে দ্বীপটির রাজধানী এরমুপোলির সমুদ্রতীরে বিক্ষোভের ডাক দিয়েছিল ‘সিরোস অ্যান্টি-ওয়ার ইনিশিয়েটিভ’ নামের একটি সংগঠন।
সংগঠনটি জানিয়েছে, ফিলিস্তিনি জনগণ এবং এই অঞ্চলের মানুষের প্রতি সংহতি প্রকাশ করাই তাদের বিক্ষোভের উদ্দেশ্য। তাদের ভাষ্য, গণহত্যায় জড়িত যুদ্ধাপরাধী এবং তাদের সমর্থকদের দ্বীপটিতে স্বাগত জানানো হবে না।
তবে বিক্ষোভ নিষিদ্ধের বিষয়ে সংগঠনটির পরবর্তী পদক্ষেপ কী হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


