...|...|...

বিশ্ব

ভোটের আগে ব্যালট নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে বিপাকে ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৭
Shares
ভোটের আগে ব্যালট নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে বিপাকে ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০ হাজারের বেশি ভোটারের ব্যালট আলাদা করে রাখার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এসব ভোটার মার্কিন নাগরিক নন বলে দাবি করেছিল প্রশাসন। তবে আদালতের এই সিদ্ধান্তের ফলে তাদের ব্যালট গণনা থেকে বিরত রাখার জন্য সরকারের জরুরি আবেদনটি আর কার্যকর হলো না।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, সোমবার সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আবেদন নাকচ করে দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে এ সিদ্ধান্ত এলো। এর আগে নিম্ন আদালত ও আপিল আদালতও একই ধরনের আবেদন প্রত্যাখ্যান করেছিল।

বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) দাবি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তৈরি তালিকায় ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি ভোটারের নাম রয়েছে, যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে। এসব ভোটারের ডাকযোগে পাঠানো ব্যালট আলাদা করে রাখতে এবং নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত গণনা স্থগিত রাখতে অঙ্গরাজ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছিল তারা।

প্রশাসনের যুক্তি ছিল, ব্যালটগুলো অন্য ভোটের সঙ্গে মিশে গেলে পরে অযোগ্য ভোটারদের ভোট শনাক্ত করে আলাদা করা সম্ভব হবে না। তবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ বলেছে, কেন্দ্রীয় সরকারের তালিকাটি নির্ভরযোগ্য নয়। এতে অনেক মার্কিন নাগরিকের নামও থাকতে পারে। ফলে তালিকার ভিত্তিতে ব্যালট আলাদা করা হলে বৈধ ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।

ক্যালিফোর্নিয়ায় প্রায় ২ কোটি ৩০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। গত ১ অক্টোবর থেকে ডাকযোগে ব্যালট পাঠানো শুরু হয়। এরই মধ্যে ৬০ লাখের বেশি ব্যালট ফেরত এসেছে। অঙ্গরাজ্যটির কর্মকর্তারা বলছেন, ভোট প্রক্রিয়া এতদূর এগিয়ে যাওয়ার পর প্রশ্নবিদ্ধ ব্যালটগুলো আলাদা করা অত্যন্ত কঠিন।

এর আগে গত সপ্তাহে ফেডারেল বিচারক ডেভিড কার্টার ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান করেন। তিনি সরকারের তালিকার তথ্য ও নাগরিকত্ব যাচাইয়ের পদ্ধতির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে আপিল আদালতও প্রশাসনের আবেদন নাকচ করে দেয়।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে রিপাবলিকানরা। এমন সময়ে ভোটারদের নাগরিকত্ব যাচাই ও ব্যালট গণনা নিয়ে ট্রাম্প প্রশাসন এবং ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের এই বিরোধ সামনে এল।

ট্রাম্প বারবার নির্বাচনে ব্যাপক ভোটার জালিয়াতির অভিযোগ তুলেছেন। তবে বিভিন্ন গবেষণা ও অঙ্গরাজ্য পর্যায়ের নিরীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে অযোগ্য ব্যক্তিদের ভোট দেওয়ার ঘটনা, বিশেষ করে অ-নাগরিকদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল।