...|...|...

বিশ্ব

চীনা গুপ্তচরের সাথে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়ার সিইও

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩২
Shares
চীনা গুপ্তচরের সাথে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়ার সিইও

ছবি: সংগৃহীত

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠা এক নারীর সাথে পরকীয়ার কথা স্বীকার করেছেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ ঘটনা প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে স্বাধীন তদন্ত শুরু করেছে বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

রবিবার (৮ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে তদন্তের ঘোষণা দেয়। বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং বা হুয়াং লে নামে এক চীনা নারীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং। ওই নারীর বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।

গত ২৯ অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি প্রথম সামনে আসে। এতে দাবি করা হয়, এনভিডিয়ার প্রযুক্তিসংক্রান্ত গোপন তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন অ্যালিস।

অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছিল এবং প্রায় ৪৮০ কোটি ডলারের সরঞ্জাম কিনেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে রোববার এনভিডিয়ার কর্মীদের পাঠানো এক ইমেইলে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন জেনসেন হুয়াং।

তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম। আমার কর্মকাণ্ড তাঁকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই।’

ঘটনার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত পরিচালনা করবে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ পায়নি কর্তৃপক্ষ।

একই সঙ্গে জেনসেন হুয়াংয়ের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তদন্ত চলাকালেও তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। 

অন্যদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা শুরু হয়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারা চীনের হাতে যুক্তরাষ্ট্রের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পৌঁছে যাওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, দীর্ঘদিন ধরেই চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ সরবরাহ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন কংগ্রেসের সদস্যরা। এ বিষয়ে জেনসেন হুয়াং ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদের কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি।

এ ছাড়া রিপাবলিকান আইনপ্রণেতারা আগামী ১৮ নভেম্বর জেনসেন হুয়াংকে কংগ্রেসে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকিতে পড়েছে, তা খতিয়ে দেখা জরুরি। 

এদিকে জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হুয়াং একজন সম্মানিত ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ কাজ করেছেন।

তবে অভিযোগের বিষয়ে হুয়াংয়ের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি বলেও জানান ট্রাম্প।

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সাম্প্রতিক বছরগুলোতে এনভিডিয়ার চিপের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। একই সময়ে উন্নত প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতাও তীব্র হয়েছে।

এমন পরিস্থিতিতে এনভিডিয়ার প্রধান নির্বাহীর ব্যক্তিগত সম্পর্ক ঘিরে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের গোপন তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।