...|...|...

বিশ্ব

কলার পাতায় লুচি-কচুরি, কলকাতার যে দোকানের বয়স আড়াইশ বছর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৬
Shares
কলার পাতায় লুচি-কচুরি, কলকাতার যে দোকানের বয়স আড়াইশ বছর

ছবি: সংগৃহীত

ভোজনরসিকদের কাছে কলকাতা ‘সিটি অব জয়’ নামে পরিচিত। রসগোল্লা, বিরিয়ানি কিংবা ঐতিহ্যবাহী বাঙালি খাবার- সবকিছুর জন্যই শহরটির রয়েছে আলাদা আকর্ষণ। কলকাতার অলিগলিতে ছড়িয়ে আছে বহু পুরোনো খাবারের দোকান, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে ধরে রেখেছে নিজস্ব ঐতিহ্য। তেমনই একটি প্রতিষ্ঠান শ্যামবাজারের আড়াইশ বছরের পুরোনো ‘আদি হরিদাস মোদক’।

১৭৮০ সালে প্রতিষ্ঠিত এই দোকানটি বর্তমানে পরিচালনা করছে মোদক পরিবারের ষষ্ঠ প্রজন্ম। ঐতিহ্যবাহী বাঙালি প্রাতরাশের জন্য দীর্ঘদিন ধরে পরিচিত প্রতিষ্ঠানটি। এখানকার লুচি ও কচুরি বিশেষভাবে জনপ্রিয়। কলার পাতায় সনাতনী পদ্ধতিতে খাবার পরিবেশনের রীতিও ধরে রেখেছে দোকানটি।

লুচি, কচুরি ও আলুর তরকারির পাশাপাশি এখানে পাওয়া যায় নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি ও ভাজাপোড়া।

দোকানটির সামনের অংশে রয়েছে মিষ্টির কাউন্টার। পেছনে বসে খাওয়ার জন্য রয়েছে ডাইনিং হল। কাঠের বেঞ্চ ও পুরোনো সাজসজ্জায় সেখানে তৈরি হয়েছে এক ধরনের ঐতিহ্যবাহী পরিবেশ।

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর মিলানের একটি ভিডিওতে দেখা যায়, গরম তেলে লুচি ভেজে কলার পাতায় পরিবেশন করা হচ্ছে। ভিডিওতে তিনি এখানকার লুচি ও আলুর তরকারির স্বাদের প্রশংসা করেন। প্রাতরাশের থালায় লুচি-তরকারির সাথে মিষ্টি দই ও অন্যান্য মিষ্টিও পরিবেশন করা হয়।

যে মিষ্টিগুলো চেখে দেখতে পারেন

আদি হরিদাস মোদকে লুচি-কচুরির পাশাপাশি কয়েক ধরনের মিষ্টি বিশেষভাবে পরিচিত। এর মধ্যে রয়েছে-

কালোজাম: গোলাপ জামের মতো স্বাদের সুস্বাদু মিষ্টি।

সরভাজা: ঘন ক্ষীর ভেজে সিরায় ডুবিয়ে তৈরি করা ঐতিহ্যবাহী মিষ্টি।

ছানার জিলাপি: ছানা দিয়ে তৈরি মুচমুচে জিলাপি।

এ ছাড়া দোকানটির ছোলার ডালও বেশ জনপ্রিয়।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে প্রতিষ্ঠানটি। ভিড় এড়াতে সকালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সপ্তাহের কর্মদিবসগুলোতে সাধারণত অপেক্ষার সময় তুলনামূলক কম থাকে।

প্রতিষ্ঠার আড়াই শতাব্দী পেরিয়ে গেলেও পুরোনো স্বাদ, খাবার পরিবেশনের ধরন ও পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছে শ্যামবাজারের আদি হরিদাস মোদক।

সূত্র: এনডিটিভি