...|...|...

বিশ্ব

ইরানের বিরুদ্ধে নতুন অবরোধ, কীভাবে কাজ করবে ‘আয়রন গেট’?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯
Shares
ইরানের বিরুদ্ধে নতুন অবরোধ, কীভাবে কাজ করবে ‘আয়রন গেট’?

ছবি: সংগৃহীত

ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়াতে এবার নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পাশাপাশি স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়েও অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহন ঠেকাতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে বিশেষ বাহিনী গঠন করেছে মার্কিন সামরিক বাহিনী।

রবিবার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই টাস্কফোর্সের কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নতুন এই টাস্কফোর্স গঠন করেছে। এর মূল লক্ষ্য ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রব্যবস্থা, সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ ঠেকানো।

প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক সদস্য নিয়ে গঠিত এই টাস্কফোর্সের সদর দপ্তর হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায়। এটি মার্কিন সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করবে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, সমুদ্রপথে ইরানের বিরুদ্ধে চলমান অবরোধকে আরও কার্যকর করতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তেহরানের সামরিক সরঞ্জাম সংগ্রহ ও অস্ত্র উৎপাদনের সক্ষমতা সীমিত করার চেষ্টা চালাবে ওয়াশিংটন। 

এদিকে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আয়রন গেট কার্যক্রম ইতোমধ্যে কার্যকর হয়েছে। তার ভাষায়, এর অর্থ হলো স্থলপথ দিয়ে ইরানে কিছুই প্রবেশ করতে পারবে না।

তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে গুরুত্ব দিতে নারাজ ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি নতুন অবরোধ পরিকল্পনাকে ‘শব্দের কারসাজি’ বলে উড়িয়ে দিয়েছেন।

মোহেবির দাবি, যুক্তরাষ্ট্র এ ধরনের পরিকল্পনার মাধ্যমে ইরানের অর্থনীতিকে দুর্বল করতে চাইলেও শেষ পর্যন্ত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, ইরানের সঙ্গে আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরাক, পাকিস্তান, তুরস্ক ও তুর্কমেনিস্তান—এই সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছে। এসব সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৫ হাজার ৯০০ কিলোমিটার।

বিশ্লেষকদের মতে, এত দীর্ঘ স্থলসীমান্তের পাশাপাশি কাস্পিয়ান সাগর দিয়ে পণ্য পরিবহন নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ছাড়া এসব পথে পূর্ণাঙ্গ অবরোধ কার্যকর করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে ওয়াশিংটন বলছে, নতুন এই টাস্কফোর্সের মাধ্যমে ইরানের অস্ত্র সরবরাহব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রমের ওপর চাপ আরও বাড়ানো হবে। যদিও কীভাবে স্থলসীমান্তে এই নিয়ন্ত্রণ কার্যকর করা হবে, সে বিষয়ে সেন্টকম এখনো বিস্তারিত জানায়নি।