যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন ধর্মীয় ও দার্শনিক বই পড়ে সময় কাটাচ্ছেন। পবিত্র কুরআন ও বাইবেল পড়ার পাশাপাশি ধর্মীয় নেতাদের সাথেও নিয়মিত সাক্ষাৎ করছেন তিনি। কারাবন্দী হওয়ার পর থেকে ধর্মের প্রতি তাঁর আগ্রহ আরও বেড়েছে। একই সঙ্গে কারাগারের খাবার ও পরিবেশের কারণে তার ওজনও উল্লেখযোগ্য হারে কমে গেছে।
রবিবার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর থেকে নিউইয়র্কের ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী রয়েছেন ৬৩ বছর বয়সী মাদুরো। সেখানে অবসর সময়ের বড় একটি অংশ তিনি ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পাঠ করে কাটাচ্ছেন।
মাদুরোর কারাজীবন সম্পর্কে অবগত ছয়টি সূত্র নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, আগে থেকেই আধ্যাত্মিক বিষয়ে তার আগ্রহ ছিল। তবে কারাবন্দী হওয়ার পর সেই আগ্রহ আরও গভীর হয়েছে। কারাগারে তিনি একজন ক্যাথলিক যাজক ও একজন ইহুদি ধর্মগুরু বা র্যাবাইয়ের সাথেও সাক্ষাৎ করেছেন।
এর আগে মাদুরো প্রকাশ্যে দাবি করেছিলেন, তাঁর পূর্বপুরুষেরা সেফার্ডিক ইহুদি বংশোদ্ভূত ছিলেন এবং ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় অভিবাসী হিসেবে এসেছিলেন। তবে তার ঘনিষ্ঠজনদের দাবি, আটকের আগে ইহুদি ধর্মের প্রতি বিশেষ আগ্রহ দেখাননি তিনি।
মাদুরো নিজেকে ক্যাথলিক হিসেবে পরিচয় দিলেও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে তার যোগাযোগ ছিল। ভেনেজুয়েলার ইভানজেলিক্যাল খ্রিষ্টান সম্প্রদায়ের সমর্থন অর্জনের পাশাপাশি স্ত্রী সিলিয়া ফ্লোরেস ও ডেলসি রদ্রিগেজের সাথে ভারতীয় আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারীও ছিলেন তিনি।
এদিকে কারাগারে থাকার কারণে মাদুরোর শারীরিক অবস্থারও পরিবর্তন হয়েছে। তার খাদ্যাভ্যাস সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, কারাগারের নিম্নমানের খাবারের কারণে দ্রুত ওজন হারাচ্ছেন তিনি। গ্রেপ্তারের আগে বিশেষ ধরনের ‘প্যালিও ডায়েট’ অনুসরণ করলেও কারাগারে সেই খাদ্যাভ্যাস বজায় রাখতে পারছেন না। সাম্প্রতিক মাসগুলোতে খাবারের মান নিয়েও অভিযোগ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।
অন্যদিকে, একই কারাগারে বন্দী মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের শারীরিক অবস্থা আরও উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, ৭০ বছর বয়সী ফ্লোরেসের ওজন ১১ কেজির বেশি কমেছে এবং তার দুটি দাঁত পড়ে গেছে। বুকে ব্যথার কারণে তাঁকে নাইট্রোগ্লিসারিন সেবনের পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্লোরেসের আইনজীবীদের দাবি, তিনি প্রায় তিন মাস নির্জন কারাবাসে ছিলেন। গত জুলাইয়ে তার মৃদু হৃদ্রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে বিষয়টি চিকিৎসাগতভাবে নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক-সন্ত্রাসবাদে ষড়যন্ত্র ও কোকেন পাচারসহ একাধিক অভিযোগ রয়েছে। তবে মার্কিন আদালতে দুজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলার বিচার ২০২৭ সালের জুনে শুরু হওয়ার কথা রয়েছে।


