ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সামরিক পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, পারমাণবিক অস্ত্রধারী ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন, তা জাতীয় নিরাপত্তার স্বার্থে ‘সঠিক কাজ’। এমন সিদ্ধান্ত জনপ্রিয় না হলেও দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি ‘পারমাণবিক ইরান’-এর মতো বাস্তব হুমকি শনাক্ত করেছেন এবং তা মোকাবিলায় পদক্ষেপ নিয়েছেন।
রুবিও বলেন, ‘তিনি বিষয়টি নিয়ে কাজ করেছেন, যদিও অনেক সময় দেশের জন্য সঠিক কাজটি করা—অর্থাৎ জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠিন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়া—সবসময় জনপ্রিয় হয় না, তবে তা প্রয়োজনীয়।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইরান ইস্যুতে ট্রাম্প এমন পদক্ষেপ নিয়েছেন, যা তাঁর পূর্বসূরি অন্য মার্কিন প্রেসিডেন্টরা নিতে ব্যর্থ হয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘আমি আশা করি—যদিও এখন হয়তো আর তেমনটা নেই—তবে একসময় উভয় দলের (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) মধ্যেই এই ঐকমত্য ছিল যে, একটি পারমাণবিক ইরান যুক্তরাষ্ট্রের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও বিপজ্জনক। এটি কেবল ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের জন্যই নয়, বরং পুরো বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের জন্যও বিপজ্জনক।’
অন্যদিকে, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ‘সুপরিকল্পিত প্রচেষ্টার প্রমাণ’ তাদের কাছে নেই।


