...|...|...

বিশ্ব

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ৮:০৭
Shares
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের রায় বহাল থাকার পর রবিবার (৮ নভেম্বর) সকালে তাঁদের ফাঁসি কার্যকর করা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিন ব্যক্তি হলেন হাসান দিভবান্দ, হামিদ কাজেমি ও রেজা জাঙ্গানেহ। ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রুভাবাপন্ন গোষ্ঠীর হয়ে কর্মকাণ্ড পরিচালনার দায়ে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। 

ইরানি বিচার বিভাগের দাবি, অভিযুক্তরা রাজধানী তেহরানের পশ্চিমে কারাজ শহরে বিক্ষোভ চলাকালে মলোটভ ককটেল ও গ্রেনেড নিক্ষেপ করেন। পাশাপাশি ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার ঘটনায় জড়িত ছিলেন তাঁরা।

মামলার অন্য আট আসামিকে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। 

গত ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। জানুয়ারির ৮ ও ৯ তারিখে আন্দোলন তীব্র আকার ধারণ করে।

ইরানি কর্তৃপক্ষের হিসাবে, ওই সহিংসতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তেহরান এসব ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। তবে বিদেশভিত্তিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি এবং নিরাপত্তা বাহিনীর গুলিতেও বহু বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

এদিকে গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে। বিশেষ করে সরকারবিরোধী বিক্ষোভ ও বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান।