...|...|...

বিশ্ব

আজ রাতেই কি ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ১১:১১
Shares
আজ রাতেই কি ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র?

ছবি: সংগৃহীত।

ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালাবে কি না, তা নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে তার প্রশাসন। এরই মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে আলোচনা, ইসরায়েলের নতুন হুঁশিয়ারি এবং ইরানের পাল্টা জবাবের প্রস্তুতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের ৫ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইরানে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। তার সামনে নতুন করে হামলা, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা কিংবা কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর- তিনটি বিকল্প রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাব্য প্রস্তুতি চূড়ান্ত করছে। তবে নতুন অভিযান শুরুর জন্য ওয়াশিংটন থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে গত শুক্রবার ইরানে সীমিত পরিসরে হামলা চালানোর কথা স্বীকার করেছেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, ইরানের একটি নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে এ হামলা চালানো হয়। তবে এটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর ইঙ্গিত কি না, তা স্পষ্ট নয়।

অন্যদিকে রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানকে ঘিরে তাঁদের সামরিক মিশন এখনো শেষ হয়নি। ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানও যেকোনো নতুন হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আগের সংঘাতের অভিজ্ঞতা থেকে তারা এখন আরও প্রস্তুত।

তবে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে। কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে। রবিবার রয়টার্স জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ফলে আজ রাতেই যুক্তরাষ্ট্র বড় হামলা চালাবে কি না, তা এখনো অনিশ্চিত।