...|...|...

বিশ্ব

নেতানিয়াহুকে হটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ১০:১৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, রাত ১:৩৮
Shares
নেতানিয়াহুকে হটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

ছবি: সংগৃহীত

ইসরায়েলে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। রবিবার (৮ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তাকে এই দায়িত্ব দেন। একই অনুষ্ঠানে ইরানকে ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ  তথ্য জানিয়েছে।

আইজেনকোটের পাশে দাঁড়িয়ে হারজোগ বলেন, “ইরান এক মুহূর্তের জন্যও তাদের হুমকি প্রদান বন্ধ করেনি।” তার মতে, ইরানের এই অবস্থান এমন একটি বিষয়, যা অবিলম্বে মোকাবিলা করা প্রয়োজন।

গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন ইসরায়েলি প্রেসিডেন্ট। তিনি বলেন, গাজা বিষয়ে প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। পাশাপাশি লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ টেনে হারজোগ বলেন, ইসরায়েলকেও ওয়াশিংটনের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে।

এদিকে গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় পার্লামেন্টের ৬৭ সদস্য আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেন। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানান ৪৬ জন।

আইন অনুযায়ী, নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট প্রথমে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এই মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। তবে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করতে না পারলে অন্য কোনো নেতাকে সরকার গঠনের সুযোগ দেওয়া হতে পারে।