মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি অন্যান্য মার্কিন স্থাপনাও ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না তেহরান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে আরাঘচির এই বক্তব্য তুলে ধরা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই অঞ্চলে সামরিক ঘাঁটির বাইরেও যুক্তরাষ্ট্রের এমন কিছু লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলো ইরানের হামলার আওতায় আসতে পারে।”
আরাঘচির এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, সম্ভাব্য পাল্টা হামলার ক্ষেত্রে শুধু মার্কিন সামরিক ঘাঁটিতেই নিজেদের লক্ষ্য সীমাবদ্ধ রাখতে চাইছে না ইরান।
এর আগেও আরাঘচি জানিয়েছিলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই। তবে সেসব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার অধিকার তেহরান সংরক্ষণ করে।


