নেপালের জলবায়ু বিপর্যয়ের ক্ষত এখনো তাজা। এরই মধ্যে জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশ্বের বৃহত্তম সম্মেলন কপ-৩১ শুরু হয়েছে তুরস্কের আনাতোলিয়ায়। সোমবার (৯ নভেম্বর) শুরু হওয়া এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে নিজেদের দাবি ও অবস্থান তুলে ধরবে বাংলাদেশ।
বিশেষজ্ঞদের মতে, নেপালসহ চার দেশ নিয়ে গঠিত আঞ্চলিক জোট বিবিআইএনকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারে বাংলাদেশ। একইসাথে জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়ন বাড়ানো, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করার বিষয়গুলোতে গুরুত্ব দিতে চায় ঢাকা।
সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা বলেন, ‘নেপাল ও ভুটান কপের এজেন্ডায় অন্তর্ভুক্ত করার জন্য একটি যৌথ বিবৃতি দিয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশের কোনো উল্লেখ নেই। আমার মনে হয়েছে, কূটনৈতিকভাবে এ বিষয়ে বাংলাদেশের যে পরিমাণ তৎপরতা দেখানো এবং ভূমিকা রাখার কথা ছিল, তা সেভাবে করতে পারেনি। নেপালের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বাংলাদেশকেও ক্ষতিগ্রস্ত করবে। তাই বাংলাদেশকে বাদ দিয়ে নেপাল, ভুটান ও ভারতের কোনো ধরনের আঞ্চলিক জোটে যাওয়া উচিত হবে না। এ ক্ষেত্রে বাংলাদেশেরও শক্তিশালী ভূমিকা রাখা উচিত।’
এই জলবায়ু বিশেষজ্ঞের পরামর্শ, তিন বছর পর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও যেন বাংলাদেশ জলবায়ু অর্থায়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে এখন থেকেই উদ্যোগ নিতে হবে।
মো. শামসুদ্দোহা আরও বলেন, ‘বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করলেই যে জলবায়ু অর্থায়ন পাবে না, তা হওয়া উচিত নয়। বরং জলবায়ু অর্থায়ন নির্ধারিত হওয়া উচিত একটি দেশের ঝুঁকিপূর্ণ অবস্থার প্রেক্ষাপটে। এলডিসি থেকে উত্তরণ ঘটলেও তিনটি দেশ একত্রে যেন বাংলাদেশের অভিযোজনসংক্রান্ত চাহিদা ও অর্থায়নের প্রয়োজনীয়তার বিষয়গুলো কপের প্রক্রিয়ায় যথাযথভাবে তুলে ধরতে পারে, সে উদ্যোগ নেওয়া উচিত।’
এদিকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানিয়েছেন, কপ-৩১ সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার ঝুঁকিতে থাকা দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সাইমুম পারভেজ বলেন, ‘বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে যেসব দেশ ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যেসব দেশে লবণাক্ততা বাড়তে পারে অথবা নানা ধরনের প্রভাব পড়তে পারে, সেসব দেশের সঙ্গে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করছি।’
বৈশ্বিক মঞ্চে বক্তব্য দেওয়ার পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সাইমুম পারভেজ বলেন, ‘যেহেতু বৈঠকটি তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে, তাই তুরস্কের প্রধান প্রতিনিধির সাথে আলোচনা হবে। আমরা আশা করছি, অস্ট্রেলিয়ার
সাথেও আলোচনা হবে। এ ছাড়া কানাডা, ইংল্যান্ডসহ আমাদের বিভিন্ন অংশীদার দেশের প্রতিনিধিদের সাথেও আলোচনা হতে পারে। এর আগে আমি বার্বাডোসের কথা বলেছি, সেই দেশের সাথেও আলোচনা হতে পারে।’
প্রধানমন্ত্রী আগামী ১০ নভেম্বর তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ১২ নভেম্বর দেশে ফিরবেন।
অভিযোজন তহবিল তিনগুণ করার দাবি
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু অভিযোজনের জন্য বরাদ্দ তহবিল তিনগুণ করার দাবি জানাবে। পাশাপাশি জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন বাড়ানো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য এবং অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিত করার বিষয়গুলোও তুলে ধরা হবে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী বলেন, ‘জলবায়ু ক্ষয়ক্ষতি সংক্রান্ত তহবিলও বাড়াতে চাই। মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রামে ১.৫ ডিগ্রির টার্গেট ধরে রাখতে চাই, এবং ইউএই ওয়ার্ক প্রোগ্রামের অধীনে গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশনের (জিজিএ) নির্দেশক ও সহনশীলতা অর্জনের জন্য তহবিল নিশ্চিত করতে চাই। সামনে ২০২৮ সালে গ্লোবাল স্টকটেক (জিএসটি) আসছে, সেগুলো নিয়েও আলোচনা হবে।’
২০১৫ সালের প্যারিস চুক্তির সপ্তম অনুচ্ছেদের আওতায় বৈশ্বিক অভিযোজন লক্ষ্য বা গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন (জিজিএ) নির্ধারণ করা হয়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রসঙ্গে শওকত আলী বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে জাতিসংঘের প্রধান আন্তর্জাতিক চুক্তি ইএনএফসিসিসি প্রক্রিয়ায় বাংলাদেশের প্রাপ্তিকে শুধু একক দেশের লাভ-ক্ষতি হিসেবে দেখা ঠিক নয়। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। তাপমাত্রা বৃদ্ধির হার প্রাক শিল্পায়ন যুগের চেয়ে ২ ডিগ্রি বা ১.৫ ডিগ্রির মধ্যে রাখতে পারলে, তা পুরো পৃথিবীর পাশাপাশি বাংলাদেশেরও বড় প্রাপ্তি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় প্রকল্প ও ফান্ডের দিক থেকে বাংলাদেশের অবস্থান যথেষ্ট ভালো।
তিনি আরও বলেন, ‘তবে আমাদের মূল জোর হল ক্লাইমেট রেজিলিয়েন্স অর্জনে পর্যাপ্ত ফান্ডিং আসছে কিনা। বাংলাদেশ সরকার নিজেই এডিপি থেকে প্রতি বছর প্রায় ৪.২ বিলিয়ন ডলার জলবায়ু সম্পর্কিত বাজেটে বরাদ্দ দেয়। জাতীয় পর্যায়ের প্রস্তুতি ও সক্ষমতার দিক থেকে আমরা এলডিসি ও অন্যান্য উন্নয়নশীল দেশের চেয়ে ভালো অবস্থায় আছি।’
কী চায় বাংলাদেশ
আগের সম্মেলনগুলোতেও জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো তুলে ধরেছে বাংলাদেশ। তবে গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলন থেকে বড় কোনো আর্থিক অনুদান বা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়া যায়নি।
বৈশ্বিক পর্যায়ে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির উদ্যোগেও তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তি ছিল। ফলে এ বিষয়ে কার্যকর কোনো বড় পদক্ষেপ বা চুক্তি হয়নি।
এ পরিস্থিতিতে এবারের সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও দাবির বিষয়গুলো গত ২৪ অক্টোবর এক অনুষ্ঠানে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও বাস্তব প্রাপ্তির ব্যবধান বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমত জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট তহবিল, বিশেষ করে গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থপ্রাপ্তি সহজ করা, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড চালু, কৃষি ও পানির নিরাপত্তায় প্রযুক্তিগত সহায়তা এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণে কারিগরি সহায়তা দিতে হবে। ক্ষতিগ্রস্ত দেশ ও মানুষের জন্য তহবিলের অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে হবে।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। শুক্রবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কপ৩১ সম্মেলনে পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ। বিশেষ করে অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি এবং জলবায়ু তহবিলের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘এই ফান্ডের পরিমাণ যখন বাড়ানো হবে, তখন আমাদের মত দেশগুলো সেই ফান্ডের জন্য আবেদন করবে এবং সেখান থেকে অর্থ ছাড় করা হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলো যাতে আরও বেশি অর্থ পায়, সে বিষয়ে বাংলাদেশের অবস্থান ও দাবি সম্মেলনে তুলে ধরা হবে।’
মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার। তিনি বলেন, ‘এর ক্ষতিপূরণ হিসেবে কত টাকা চাইব? সেটার নেগোসিয়েশন আসলে এখানে হয় না। এখানে নেগোসিয়েশনগুলো হয় গ্রুপ, অর্থাৎ আপনি একটা দেশ হিসেবে কোন গ্রুপের সঙ্গে যুক্ত এবং সেই গ্রুপের নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।’
কপের আলোচনা ও দর-কষাকষি
কপ সম্মেলনে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, ‘আমাদের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ দেশ রয়েছে। ২০ বছর আগে বাংলাদেশকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলা হলেও বর্তমানে আমাদের অবস্থান অনেক উন্নত হয়েছে। আমরা এখন ৪৭ নম্বরে আছি। মূল বিষয় হল, কপে শুধু বাংলাদেশের একক সমস্যা নিয়ে আলোচনা হয় না।’
সম্মেলনের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘এখানে আলোচনার দুটি স্পষ্ট ধারা রয়েছে। প্রথমত- ব্লু এরিয়া- যেখানে রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা প্যারিস চুক্তি ও বৈশ্বিক আইন ধরে নীতিগত মূল আলোচনা করেন। দ্বিতীয়ত গ্রিন এরিয়া-যেখানে সাধারণ নাগরিক সমাজ, এনজিও ও বিভিন্ন প্রতিনিধিরা দাবি তোলে ও হৈচৈ করে। কিন্তু মূল সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে তা পৌঁছায় না। শোনার লোক মূলত ব্লু এরিয়াতেই থাকে।’
তিনি বলেন, বাংলাদেশের জন্য আলাদা করে আলোচনার সুযোগ সীমিত। সম্মেলন শুরুই হয় রাষ্ট্রপ্রধানদের দিয়ে। আমাদের সরকারপ্রধানও যাবেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ও দ্বিপাক্ষীয়ভাবে অনেক মিটিং হবে। এনজিও মহল হইচই করে ও বিভিন্ন রিপোর্ট তৈরি করে, কিন্তু মূল আলোচনা ও দর কষাকষি হয় রাষ্ট্রীয় পর্যায়ে। সরকার প্রধান, পরিবেশমন্ত্রী, পরিবেশ প্রতিমন্ত্রী, পরিবেশ সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা মূল দায়িত্বে থাকবেন। আর এনজিও প্রতিনিধিরা শুধুই বক্তৃতা দেবেন।’
‘দ্বিপাক্ষীয় আলোচনা বা বৈঠকে (যেমন ব্রিটিশ প্রধানমন্ত্রী বা গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির প্রধানের সাথে) রাষ্ট্রপ্রধানরা নিজেদের সমস্যা ও অর্থায়নের বিষয়টি তুলে ধরে প্রভাব ফেলতে পারেন।’
জাতীয় অভিযোজন পরিকল্পনায় অর্থায়ন চায় বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তুলতে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী বলেন, ‘আমরা ২০২২ সালে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান (এনএপি) প্রণয়ন করেছি। ২৭টি এলডিসি দেশের মধ্যে বাংলাদেশও প্ল্যান জমা দিয়েছে, কিন্তু বাস্তবায়নের জন্য এখনো সেভাবে আন্তর্জাতিক অর্থায়ন পাইনি। আমরা আমাদের জাতীয় পর্যায়ের টাকা দিয়ে বাস্তবায়ন শুরু করলেও তহবিল খুবই গুরুত্বপূর্ণ। তাই জলবায়ু অর্থায়ন বেশি চাচ্ছি।’
২০২৪ সালের কপ-২৯ সম্মেলনের সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজারবাইজানের বাকু সিদ্ধান্ত অনুযায়ী নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোল (এনসিকিউজি)-এর অধীনে ২০৩৫ সাল নাগাদ মোট জলবায়ু অর্থায়ন হবে ৩০০ বিলিয়ন ডলার। আমরা চাচ্ছি তার মধ্যে সহনশীলতা অর্থায়ন যেন একটা উল্লেখযোগ্য অ্যামাউন্টে আসে এবং সেটা যাতে তিনগুণ হয়।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক একেএম সাইফুল ইসলামের মতে, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, বৈশ্বিক যুদ্ধবিগ্রহ এবং তেলসমৃদ্ধ দেশগুলোর বাধার কারণে জলবায়ু অর্থায়ন ও নির্গমন হ্রাসের উদ্যোগ চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তিনি বলেন, এবারের সম্মেলনে উপকূলীয় অভিযোজন ও জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরাসরি অনুদান ও প্রযুক্তিগত সহায়তা, অর্থায়নের নতুন লক্ষ্য এবং জ্বালানি খাতের পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য বিকল্প জীবিকা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় আসতে পারে। পাশাপাশি কার্বন ক্রেডিট, প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য এবং বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের বিষয়েও আলোচনা হতে পারে।
সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়ন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মতামত এবং জলবায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ এবং সমমনা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে সমন্বয় করে বাংলাদেশ প্রতিনিধিদল জাতীয় স্বার্থে কাজ করবে।
তিনি বলেন, ‘কপ৩১ সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা হল, অর্থায়ন ও বাস্তবায়ন সহায়তায় সুনির্দিষ্ট অগ্রগতি, যা জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় কাজে আসবে।’
সাইমুম পারভেজ জানান, সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের উদ্যোগে ১০০ বর্গমিটার আয়তনের একটি প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, এনডিসি ৩.০, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ তুলে ধরা হবে।
প্যাভিলিয়নটি অভিজ্ঞতা বিনিময়, নীতিগত সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরিতে ব্যবহার করা হবে। পাশাপাশি থাকবে জুট প্যাভিলিয়ন।


