নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে জোটের নেতারা সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ গ্রহণ করেছেন। ঘোষণাপত্রে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস নেতাদের ঐকমত্যের ভিত্তিতে গৃহীত এই ঘোষণাপত্র প্রকাশ করেন। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কারসহ বৈশ্বিক শাসনব্যবস্থায় আরও প্রতিনিধিত্বমূলক কাঠামো তৈরির আহ্বান জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নয়াদিল্লি ঘোষণা’-তে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং পরিস্থিতি আরও জটিল করতে পারে—এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
ঘোষণায় আন্তর্জাতিক বিরোধ সংলাপ, আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ব্রিকস। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান এবং বিশ্ব বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা, জ্বালানি প্রবাহ ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরান ও সংযুক্ত আরব আমিরাত—দুই দেশই ব্রিকসের সদস্য। তবে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে দেশ দুটির মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় সম্মেলনে যৌথ অবস্থান তৈরি করা কঠিন ছিল বলে জানিয়েছে রয়টার্স।
সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সংঘাত শুরুর পর দুই দেশের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, উত্তেজনা কমানো এবং শান্তি ও উন্নয়নের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।
ব্রিকস ঘোষণায় ‘একতরফা যুদ্ধমূলক পদক্ষেপ’ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টি করে এমন একতরফা শুল্ক ও অশুল্ক ব্যবস্থার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। জোটের সদস্যরা আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে বলেন, ব্রিকস দেশগুলোর উচিত ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়ে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চীন তার যথাযথ ভূমিকা পালনে প্রস্তুত বলেও জানান তিনি।
ব্রিকসের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে জোটটি বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।
২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে গঠিত ব্রিকসে পরে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়। বর্তমানে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ জোটটির সদস্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ব্রিকস এখন পূর্ণতা পেয়েছে এবং বিশ্বমঞ্চে জোটের ঐক্য ও ঐকমত্যকে বাস্তব ফলাফলে রূপ দেওয়ার সময় এসেছে।


