...|...|...

জাতীয়

দেশের প্রতিটি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’, লাগানো হবে ১ হাজার গাছ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫২
Shares
দেশের প্রতিটি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’, লাগানো হবে ১ হাজার গাছ

ছবি: সংগৃহীত

গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার উদ্যোগ নিয়েছে সরকার। একইসাথে ওই সড়কে অন্তত এক হাজার গাছ লাগিয়ে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি ইউনিয়নের একটি প্রধান বা উপযুক্ত রাস্তা নির্বাচন করে সেটির নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখতে হবে। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কে কমপক্ষে এক হাজার গাছ লাগাতে হবে। গাছের পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে সেখানে সামাজিক বনায়ন গড়ে তোলার কথাও বলা হয়েছে।

সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৫০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৫০ শতাংশ জমা হবে ইউনিয়ন পরিষদের তহবিলে।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়, গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তাদের অবদান স্মরণীয় রাখা এবং কাজের দৃশ্যমান রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ অবস্থায় উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে একটি রাস্তা ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নির্ধারণ এবং ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম গ্রাম পুলিশের নামে করার ঘোষণা দেন। ওই সড়কের দুই পাশে গাছ লাগিয়ে সামাজিক বনায়ন গড়ে তোলার কথাও জানান তিনি। গাছ বিক্রির অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরদিনই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করল স্থানীয় সরকার বিভাগ।

বিভাগটি আশা করছে, এ উদ্যোগের ফলে গ্রামীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবেন।