ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রবেশে দখলদার ইসরায়েলের বাধা দেওয়ার কঠোর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শীতকালীন বৃষ্টিপাতে গাজার মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে ওঠার মধ্যে ইসরায়েলের এমন পদক্ষেপকে যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন।
শাহবাজ শরিফ লেখেন, ‘বৃষ্টির পানিতে তাঁবু তলিয়ে যাওয়া এবং আশ্রয়হীন গাজার শিশুদের অনাহার ও তীব্র শীতের মধ্যে আটকা পড়ার দৃশ্য হৃদয়বিদারক।’
ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইনের এসব লঙ্ঘন এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের আমি তীব্র নিন্দা জানাই।’
প্রতিবেদন অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় পূর্ণাঙ্গ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছিল ইসরায়েল। এর মধ্যে বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়ের জন্য তাঁবু ও ভ্রাম্যমাণ ঘর সরবরাহের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
তবে চুক্তির পরও গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েল বিধিনিষেধ আরোপ করেছে।
এদিকে শীতকালীন বৃষ্টিপাতের কারণে গাজার অস্থায়ী আশ্রয়শিবিরগুলোতে দুর্ভোগ আরও বেড়েছে। বৃষ্টির পানিতে তাঁবু প্লাবিত হওয়ায় আশ্রয়হীন মানুষ, বিশেষ করে শিশুরা তীব্র শীত ও খাদ্যসংকটের মুখে পড়েছে।
এমন পরিস্থিতিতে গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, গাজায় জরুরি মানবিক সহায়তা বাড়াতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়ার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।



