মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, মৃত্যুর পর স্বর্গে যেতে চান, নরকে নয়। তবে স্বর্গে যাওয়ার জন্যও রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস জানায়, রবিবার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ৮০ বছর বয়সী ট্রাম্পের কাছে মৃত্যু ও পরকাল নিয়ে জানতে চান ডাউথ্যাট। একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর মৃত্যু নিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলেছে কি না, সেই প্রশ্নও করেন তিনি।
মৃত্যুর পর কী হবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প প্রথমে বলেন, ‘আমি আশা করি, মানুষ আমাকে মনে রাখবে।’
এরপর পরকাল নিয়ে নিজের বিশ্বাসের কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই তাত্ত্বিকভাবে বলতে গেলে, আমি স্বর্গে যাব। আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।’
পরে সাংবাদিক জানতে চান, স্বর্গে যাওয়ার শর্ত হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন কি না ট্রাম্প। এ সময় সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি ও ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসির নাম উল্লেখ করেন তিনি।
জবাবে ট্রাম্প বলেন, ‘উত্তর হলো—না। আমি সৎ থাকতে চাই, তাই বলছি—না।’
তিনি আরও বলেন, ‘আমি সম্ভবত তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি সত্যিই ঘৃণা করি এবং সবসময়ই করব।’
ট্রাম্পের দাবি, তার রাজনৈতিক প্রতিপক্ষদের অনেকে অসৎ। তারা দেশের জন্য ক্ষতিকর কাজ করেছেন। তাই তাঁদের প্রতি নিজের মনোভাব পরিবর্তন করা কঠিন বলে জানান তিনি।
এদিকে সাক্ষাৎকারে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ব্যক্তিগত আলোচনায় তাঁকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় ইউএফও সম্পর্কে।
ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে প্রথম ও দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় তিনি মার্কিন বিমানবাহিনীর কয়েকজন অভিজ্ঞ পাইলটের সঙ্গে কথা বলেছেন। তারা আকাশে অস্বাভাবিক কিছু দেখার অভিজ্ঞতা তার কাছে তুলে ধরেছেন।
তার ভাষায়, ‘আমি খুব একটা বিশ্বাসী নই। তবে ওভাল অফিসে এমন কিছু দক্ষ পাইলটের সঙ্গে কথা বলেছি, যাঁরা মোটেও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী নন। তারা আমাকে অত্যন্ত অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন।’
ওই পাইলটদের প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা তরুণ, সুদর্শন ও অত্যন্ত দক্ষ। তাঁদের চুলের ছাঁটও তার পছন্দ। এমনকি তাঁদের দেখতে হলিউড অভিনেতা টম ক্রুজের মতো বলেও মন্তব্য করেন তিনি।
তবে পাইলটদের অভিজ্ঞতার কথা তুলে ধরলেও ইউএফওর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত কোনো দাবি করেননি ট্রাম্প।


