...|...|...

বিশ্ব

ইরান ও হরমুজ নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৬
Shares
ইরান ও হরমুজ নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সাথে চলমান সামরিক সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার’ হিসেবে অবস্থান করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় ফ্লোরিডায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি স্থাপনায় বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব মন্তব্য করেন ট্রাম্প। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাথে ইরানে মার্কিন সামরিক অভিযানের তুলনা করেন ট্রাম্প। তার দাবি, গত অক্টোবরেই রাশিয়া ও ইউক্রেনের সংঘাতে ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

মস্কো ও কিয়েভের চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটাকেই যুদ্ধ বলা হয়।’

অন্যদিকে, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত নবম মাসে গড়ালেও গত কয়েক মাসে কেউ আহত হননি বলে দাবি করেন ট্রাম্প। তার যুক্তি, এমন পরিস্থিতিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা যায় না।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা হয়তো শুধু একজন দখলদার। আমরা দখলদার হতে পারি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও নতুন করে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, প্রণালীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে। ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় এখন আমরা এই প্রণালী থেকে বেশি তেল উত্তোলন করছি।

এদিকে শুক্রবার ইরানের কেশম দ্বীপের কাছে মার্কিন বাহিনীর হামলার খবর নিয়েও ট্রাম্পের কাছে জানতে চান সাংবাদিকেরা। শুরুতে এ বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করলেও পরে সীমিত আকারে সামরিক অভিযান পরিচালনার কথা স্বীকার করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলতে চাই না। আমরা ছোটখাটো কিছু হামলা চালাই।’

তার দাবি, ইরান সেখানে একটি নতুন আকাশ প্রতিরক্ষা স্থাপনা নির্মাণ করেছিল। তবে মার্কিন বাহিনী মাত্র কয়েক মিনিটের অভিযানে সেটি ধ্বংস করে দিয়েছে।