...|...|...

বিশ্ব

টেলিগ্রাফের রিপোর্ট

পুতিনকে পাঠানো গোপন চিঠিতে এস-৪০০ চেয়েছেন মোজতবা খামেনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৭
Shares
পুতিনকে পাঠানো গোপন চিঠিতে এস-৪০০ চেয়েছেন মোজতবা খামেনি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলা মোকাবিলায় রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে তৎপরতা বাড়িয়েছে ইরান। এ লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে গোপন চিঠি পাঠিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

শুক্রবার (৬ নভেম্বর) টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার নিজের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাইকে ব্যক্তিগত চিঠিসহ মস্কোয় পাঠান মোজতবা খামেনি। ওই চিঠিতে পুতিনের কাছে এস-৪০০ সরবরাহের অনুরোধ জানানো হয়। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত এই প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার বিষয়ে আশাবাদী তেহরান।

মস্কো সফর শেষে মোহসেন রেজাই জানান, পুতিনের সাথে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে ইরানে নতুন গ্যাস পাইপলাইন নির্মাণ নিয়েও কথা হয়েছে।

দ্য টেলিগ্রাফের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য দীর্ঘমেয়াদি সংঘাত মোকাবিলায় রাশিয়া ও চীনের সাথে সামরিক সম্পর্ক আরও জোরদারের পরিকল্পনা করেছে ইরান। দেশটির গোপন নথিতেও আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় এস-৪০০ সংগ্রহের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। বিশেষ করে পারমাণবিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা পেতে চায় তেহরান।

তবে রাশিয়া শেষ পর্যন্ত এস-৪০০ সরবরাহ করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে সম্পর্ক রক্ষার পাশাপাশি ইউক্রেনের হামলা মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা চাহিদাও বিবেচনা করছে মস্কো।

এদিকে ফাঁস হওয়া রুশ প্রতিরক্ষা নথিতে ইরানের জন্য বিশেষায়িত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম তৈরির তথ্যও উঠে এসেছে। নথি অনুযায়ী, রাশিয়া ইরানের জন্য এলএমইউআর বা প্রোডাক্ট-৩০৫ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণব্যবস্থা তৈরি করছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, রাশিয়া ও চীন ইরানকে উল্লেখযোগ্য সামরিক সহায়তা দিচ্ছে না। তবে মস্কো ও তেহরানের সাম্প্রতিক যোগাযোগ তার সেই বক্তব্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

টেলিগ্রাফের পর্যালোচনা করা ইরানের একটি গোপন স্মারকলিপিতে মার্কিন চাপ মোকাবিলায় চীন ও রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি, তেলনির্ভরতা কমানো এবং সামরিক প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার সুপারিশ করা হয়েছে। এতে হরমুজ প্রণালীসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর কৌশলগত গুরুত্বও তুলে ধরা হয়।

এমন পরিস্থিতিতে পুতিনের কাছে মোজতবা খামেনির গোপন চিঠি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর নতুন প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে তেহরানের প্রত্যাশা পূরণে মস্কো কতটা এগিয়ে আসবে, তা এখনও স্পষ্ট নয়।