...|...|...

বিশ্ব

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরষ্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৪
Shares
ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরষ্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি: এআই

ইরানের পারমাণবিক কর্মসূচি, সংশ্লিষ্ট গবেষণাগার, আধুনিক সরঞ্জাম এবং এতে যুক্ত ব্যক্তিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ২ কোটি মার্কিন ডলার (প্রায় ২৪০ কোটি টাকা) পুরষ্কার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। 

শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই বিশাল অঙ্কের পুরষ্কার ঘোষণা করা হয়। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাম্প্রতিক তথ্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ২০২৫ সালে আইএইএ রিপোর্টে নিশ্চিত করা হয়েছিল যে ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে—যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রায় পৌঁছানোর ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে সামান্য একটি ধাপ মাত্র।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বিশ্বের পরমাণু অস্ত্রহীন দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র রাষ্ট্র, যা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পারমাণবিক বিশেষজ্ঞদের মতে, এই ইউরেনিয়ামকে যদি আরও একধাপ উচ্চমাত্রায় সমৃদ্ধ করা হয়, তবে তা দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

বিবৃতিতে আরও গুরুত্বের সাথে তুলে ধরা হয় যে, আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর নিরাপত্তা বিধান ও বাধ্যবাধকতা পুরোপুরি মেনে না চলার কারণে ইরানের অভ্যন্তরীণ পারমাণবিক কার্যক্রমের ওপর বৈশ্বিক নজরদারির ধারাবাহিকতা মারাত্মকভাবে বিচ্ছিন্ন হয়েছে।

বিশেষ করে ইরানের কাছে কতসংখ্যক উন্নত সেন্ট্রিফিউজ রয়েছে এবং তাদের মূল পারমাণবিক উপাদানগুলোর বর্তমান উৎপাদন ও মজুত ঠিক কতখানি—সে বিষয়ে আইএইএ-র কাছে এখন আর সুনির্দিষ্ট কোনো হালনাগাদ তথ্য বা স্পষ্ট ধারণাই অবশিষ্ট নেই।