...|...|...

বিশ্ব

ভারতীয় ভিসা আবেদনে নতুন শর্ত, ফরমে জানাতে হবে যেসব তথ্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৭
Shares
ভারতীয় ভিসা আবেদনে নতুন শর্ত, ফরমে জানাতে হবে যেসব তথ্য

ছবি: সংগৃহীত

ভারতের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এখন থেকে ভিসা পেতে আবেদনকারীদের নির্ধারিত ছকে একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে। পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত অঙ্গীকারনামা ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের ভিসাবিষয়ক পোর্টালে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে নতুন এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসাপ্রত্যাশীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফরম’ ডাউনলোড করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণের পর স্ক্যান করে এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে অনলাইন আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। এ ক্ষেত্রে হাইকমিশনের নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো ধরনের অঙ্গীকারনামা গ্রহণ করা হবে না।

এক পৃষ্ঠার এই ফরমে আবেদনকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ভারত সফরের উদ্দেশ্য ও বেশ কিছু শর্ত মেনে চলার লিখিত নিশ্চয়তা দিতে হবে।

ফরমের প্রথম অংশে পাসপোর্টে থাকা নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বর্তমান বসবাসের ঠিকানা উল্লেখ করতে হবে। পরের অংশে জানাতে হবে ভারত ভ্রমণের উদ্দেশ্য। পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা কোনো সম্মেলনে অংশ নিতে গেলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এ ছাড়া আবেদনকারীকে নিশ্চিত করতে হবে, যে উদ্দেশ্যে ভিসা নেওয়া হচ্ছে, ভারতে অবস্থানকালে শুধু সেই উদ্দেশ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে। আবেদনের দিন তিনি ঢাকার ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের মধ্যে বসবাস করছেন এবং আবেদনে দেওয়া সব তথ্য সত্য ও নির্ভুল—এমন ঘোষণাও দিতে হবে।

নতুন অঙ্গীকারনামায় আরও উল্লেখ করতে হবে, নির্ধারিত সফর শেষে আবেদনকারী নিজ দেশে ফিরে আসবেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে অবস্থান করবেন না। একই সাথে ভারতে থাকাকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে।

হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, অঙ্গীকারনামায় দেওয়া কোনো শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ফরমের শেষ অংশে আবেদনকারীকে নিজের স্বাক্ষরের পাশাপাশি স্থান ও তারিখ লিখতে হবে। তবে আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক হলে তার মা ও বাবা উভয়ের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।