যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়েও বেশি কর্মসংস্থান বাড়ার তথ্যে চাঙ্গা হয়ে উঠেছে মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের মুনাফা (ইয়েল্ড)। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে মন্দা দেখা দিয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ মেয়াদে উচ্চ রাখার সম্ভাবনা জোরালো হওয়ায় স্বর্ণের দাম এই নিম্নমুখী ধারায় পড়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’-এর এক প্রতিবেদনে এই অর্থনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৭৪.৩৬ ডলারে নেমে আসে। ট্রেডিং সেশনের শুরুতে বিক্রির চাপে দর ১ শতাংশের বেশি কমে চার হাজার ৩৩.২৯ ডলারের সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছিল।
একই দিনে ডিসেম্বরে সরবরাহ চুক্তি অনুযায়ী মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৭৪.৯০ ডলারে স্থির হয়।
এদিকে, আন্তর্জাতিক স্পট মার্কেটে রুপার দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২.১৮ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১,৫৪১.৪২ ডলারে পৌঁছেছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ১,০২৪.৫৯ ডলারে নেমে এসেছে।
দাম কিছুটা ওঠানামা করলেও সামগ্রিকভাবে এই তিন ধরনের ধাতু বা মেটাল সপ্তাহান্তে সামগ্রিক মুনাফার বা লাভের ধারায় ছিল।

