...|...|...

বিশ্ব

স্বর্ণের দামে বড় লাফ, ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৭
Shares
স্বর্ণের দামে বড় লাফ, ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর আন্তর্জাতিক বাজারে কমেছে ডলারের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার। একই সাথে জ্বালানি তেলের মূল্য কমায় মূল্যস্ফীতির উদ্বেগও কিছুটা প্রশমিত হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মার্কিন নির্বাচনের ফলাফলের পর ইরানের সাথে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও দ্রুত কমছে। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা তাৎক্ষণিক সরবরাহযোগ্য স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। দিনের লেনদেনের শুরুতে স্বর্ণের দাম গত ২০ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এর আগে বুধবার স্বর্ণের দাম প্রায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছিল, যা গত ১৯ আগস্টের পর এক দিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।

অন্যদিকে ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার বা ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৩ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর টানা চতুর্থ দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম।

শুধু স্বর্ণ নয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে।

বৃহস্পতিবার স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৫১৯ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৭ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে।