বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে রাজপরিবারের সদস্য ও বিপুলসংখ্যক মুসল্লিকে সঙ্গে নিয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার সকালে দেশটির লুসাইল প্রার্থনাস্থলে এ নামাজ অনুষ্ঠিত হয়।
বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণের অংশ হিসেবে এ বিশেষ নামাজের আয়োজন করা হয়।
নামাজে আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জাসিম বিন হামাদ আল থানি, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মোহাম্মদ বিন খলিফা আল থানি এবং শেখ জাসিম বিন খলিফা আল থানিসহ রাজপরিবারের সদস্যরা অংশ নেন।
এ ছাড়া শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিম, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, শুরা কাউন্সিলের সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও নামাজে শরিক হন।
নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে খুতবা দেন শেখ ড. ইয়াহইয়া বাত্তি আল-নুয়াইমি। তিনি সবাইকে বিনয় ও অনুতপ্ত মন নিয়ে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করার আহ্বান জানান।
খুতবায় তিনি বলেন, বৃষ্টিপাত বিলম্বিত হওয়া মানুষকে মহান আল্লাহর ওপর নির্ভরশীলতার কথা স্মরণ করিয়ে দেয়। এ পরিস্থিতিতে বেশি বেশি তওবা ও ক্ষমা প্রার্থনা, দান-সদকা এবং ভালো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।
পাশাপাশি পানির মতো গুরুত্বপূর্ণ নিয়ামতের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান তিনি। পানির অপচয় বন্ধ এবং এর যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন খতিব।
সূত্র: কাতার ট্রিবিউন


