পারস্য উপসাগরে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপসাগরীয় জলসীমা দিয়ে যাওয়ার সময় ‘আল মায়েদা’ নামের জাহাজটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানে।
রবিবার (১ নভেম্বর) কাতারভিত্তিক গ্যাস পরিবহন কোম্পানি নাকিলাতের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, নাকিলাতের মালিকানাধীন এলএনজিবাহী জাহাজটি শুক্রবার সন্ধ্যায় পারস্য উপসাগর অতিক্রম করার সময় অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে কী ধরনের বস্তু থেকে আঘাত এসেছে কিংবা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে কিছু জানায়নি কোম্পানিটি।
কাতার স্টক এক্সচেঞ্জে প্রকাশিত এক বিবৃতিতে নাকিলাত জানায়, জাহাজে থাকা কোনো নাবিক আহত হননি। এ ঘটনায় পরিবেশের ওপরও কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
কোম্পানিটি আরও জানায়, ঘটনার পরও জাহাজটি নিরাপদ রয়েছে এবং সচল আছে। বর্তমানে জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এ ছাড়া জাহাজের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে নাকিলাত। পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রতিষ্ঠানটি।


