অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর একের পর এক হামলায় শিশুসহ অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।
রবিবার (১ নভেম্বর) আলজাজিরাকে হাসপাতাল সূত্র জানিয়েছে, ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন।
দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। উল্লেখ্য, কয়েক বছর আগে আল-মাওয়াসি এলাকাকে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী।
এদিকে, গাজার উত্তরাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ওই এলাকার তাজ মলেও হামলার ঘটনা ঘটেছে।


