...|...|...

বিশ্ব

দুই বছরে সিরিয়ায় ইসরায়েলের হাজারের বেশি হামলা, নিহত বহু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ১০:১৬
Shares
দুই বছরে সিরিয়ায় ইসরায়েলের হাজারের বেশি হামলা, নিহত বহু

ছবি: সংগৃহীত

সিরিয়ায় গত দুই বছরেরও কম সময়ে এক হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, শনিবার (৩১ অক্টোবর) ‘মানামা ডায়ালগ ২০২৬’-এ আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক এক অধিবেশনে তিনি এ তথ্য জানান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার (এসএএনএ) তথ্য অনুযায়ী, বক্তব্যে ইসরায়েলি হামলার বিষয়টি তুলে ধরেন শাইবানি।

তিনি বলেন, “গত দুই বছরেরও কম সময়ে আমাদের ভূখণ্ডে ইসরায়েল এক হাজারেরও বেশি হামলা চালিয়েছে, যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।”

সিরিয়ার সার্বভৌমত্ব প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে শাইবানি প্রশ্ন তোলেন, দেশটি নিয়মিত হামলার শিকার হওয়ার পরও সীমান্ত নিয়ন্ত্রণ এবং অস্ত্রশস্ত্র কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার আহ্বান কীভাবে যৌক্তিক হতে পারে।

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালের ৮ ডিসেম্বরের আগের অবস্থানে ফিরে যাওয়ার এবং ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি বলেন, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবই মূল ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরায়েল ১৯৭৪ সালের চুক্তির আওতায় প্রতিষ্ঠিত সিরিয়ার বাফার জোন বা মধ্যবর্তী অঞ্চল দখলে নেয়। ওই অঞ্চলের ভেতরে ও বাইরে সামরিক অবস্থানও গড়ে তোলে দেশটি। জাতিসংঘের মতে, এ পদক্ষেপ ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন।