...|...|...

বিশ্ব

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে ‘অবৈধ’ বললেন রাহুল গান্ধী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ৮:৪২
Shares
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে ‘অবৈধ’ বললেন রাহুল গান্ধী

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনকে ‘অবৈধ’ বলেছেন দেশটির লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোটার তালিকা থেকে ১৩ কোটি ৩০ লাখ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেছেন, এই ঘটনা নির্বাচনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩১ অক্টোবর) নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের আয়োজিত ‘গণ-অভিসংশন’ কর্মসূচিতে বক্তব্য দেন রাহুল গান্ধী। 

সেখানে রাহুল গান্ধী বলেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা বিজেপি নেতৃত্বাধীন জোট ও বিরোধী জোটের মধ্যে ২০২৪ সালের নির্বাচনে পাওয়া ভোটের ব্যবধানের চেয়ে অনেক বেশি। তাঁর দাবি, বাদ পড়া ভোটারের সংখ্যা দুই জোটের মধ্যে থাকা ৩ শতাংশ ভোটের ব্যবধানকেও ছাড়িয়ে গেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে প্রতি সাতজনের মধ্যে একজনের নাম বাদ দেওয়ার বিষয়টি কার্যত স্বীকার করে নেওয়ার শামিল যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচন অবৈধ ছিল। এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘দেশদ্রোহিতা’র অভিযোগও তোলেন তিনি। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতা।

রাহুল গান্ধী আরও দাবি করেন, প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর মতো যথেষ্ট প্রমাণ বিরোধী জোটের হাতে রয়েছে। জ্ঞানেশ কুমারকে আর এই পদে বহাল না রাখতে বিজেপির প্রতি সতর্কবার্তাও দেন তিনি।

এদিকে, ১ নভেম্বরের সমাবেশে যোগ দিতে আসা মানুষদের দিল্লিতে পৌঁছাতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন রাহুল গান্ধী। তবে তাঁর এসব অভিযোগকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।