ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে উত্তেজনা বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক সম্মেলন ‘আইআইএসএস মানামা ডায়ালগে’ বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের দ্বিতীয় দফা আগের চেয়ে বেশি বিপজ্জনক ও ধ্বংসাত্মক হতে পারে। এতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।
আবদেলাত্তি বলেন, “দ্বিতীয় দফার সংঘাত আরও বিপজ্জনক, আরও ধ্বংসাত্মক হবে এবং এতে কোনো সমাধান আসবে না। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”
গত জুনে ইরান যুদ্ধ বন্ধে একটি অন্তর্বর্তী চুক্তি হলেও তা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারেনি। একই সঙ্গে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচলও পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
এদিকে, ইরান প্রস্তাব দিয়েছে—যুক্তরাষ্ট্র তাদের বন্দর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করবে তেহরান।
চুক্তির বিষয়ে নতুন করে আলোচনার উদ্যোগে শুক্রবার তেহরানে ফিরেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা, নাকি অবরোধ ও তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার—কোনটি আগে হবে, তা নিয়ে এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য রয়েছে।


