ঢাকায় শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞ জাতীয় দলের ফুটবলারদের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হয়েছে। মূল জাতীয় দলের নিউ জিল্যান্ড সফরের কারণে সাফে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে দল সাজিয়েছে দেশটি।
শুক্রবার (৩০ অক্টোবর) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) দল ঘোষণা করে। আগামী ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে ভারত। এরপর একই সময়ে ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে তারা।
সাফে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দেশটির অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মোসা। তার সহকারী হিসেবে থাকবেন অনূর্ধ্ব-১৫ দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেজ।
ভারতের মূল জাতীয় দল একই সময়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে নিউ জিল্যান্ড সফর করবে। অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এ কারণে সাফের জন্য ঘোষিত দলে বয়সভিত্তিক দলের ফুটবলারদের বেশি রাখা হয়েছে। নিউ জিল্যান্ড সফরে জাতীয় দলের সাথে থাকবেন নিয়মিত প্রধান কোচ খালিদ জামিল।
২৮ সদস্যের এই স্কোয়াডে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের আধিক্য থাকলেও সিনিয়র জাতীয় দলের কয়েকজন পরিচিত মুখও রয়েছেন। তাদের মধ্যে আছেন লিস্টন কোলাসো, ফারুখ চৌধুরী, চিংলেনসানা সিং কোনশাম, সুরেশ সিং ওয়াংজাম, বিজয় ভার্গিস, ইরফান ইয়াদওয়াদ ও ব্রিসন ফার্নান্দেস।
সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে ভারতের সাথে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান।
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের দল
গোলকিপার: আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে।
ডিফেন্ডার: আবদুল রবিহ, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং কোনশাম, হমিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মুহাম্মদ উয়াইস, নাথান রদ্রিগেজ, রনি খারবুদন, সন্দীপ মান্ডি।
মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচম, ব্রিসন ফার্নান্দেস, এবিন্দাস ইয়েসুদাসন, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি, সুহাইল আহমেদ ভাট।


