...|...|...

খেলা

বর্ণবাদী মন্তব্যের শিকার সাঙ্গাকারা, রায়ানএয়ারের কর্মীর বিরুদ্ধে অভিযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১:২৮
Shares
বর্ণবাদী মন্তব্যের শিকার সাঙ্গাকারা, রায়ানএয়ারের কর্মীর বিরুদ্ধে অভিযোগ

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তি কুমার সাঙ্গাকারা আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে রায়ানএয়ারের এক কর্মীর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। ওই কর্মী তাকে ও তার পরিবারকে বিমানে উঠতে বাধা দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। তবে ভিসাসংক্রান্ত নথি দেখাতে অস্বীকৃতি জানানোর অভিযোগ অস্বীকার করে সাঙ্গাকারা বলেছেন, তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে কখনোই অস্বীকৃতি জানাননি।

২৮ অক্টোবর ৪৯তম জন্মদিন উদযাপনে দুই দিনের ডাবলিন সফর শেষে পরিবারের সাথে ব্রিস্টলে ফিরছিলেন সাঙ্গাকারা। এ সময় তাদের শ্রীলঙ্কান পাসপোর্টের সাথে যুক্ত ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) নিয়ে জটিলতা তৈরি হয়। এ ঘটনার বিষয়ে চলতি সপ্তাহের শুরুতে প্রকাশ্যে অভিযোগ তোলার পর সম্প্রতি ডেইলি মেইল স্পোর্টকে বিস্তারিত জানিয়েছেন সাবেক এই শ্রীলঙ্কান অধিনায়ক।

সাঙ্গাকারা জানান, বিমানবন্দরের ভিসা ডেস্কের কর্মীরা তাকে আগেই আশ্বস্ত করেছিলেন, বোর্ডিং গেটে নতুন করে ই-ভিসার নথি ডাউনলোড করার প্রয়োজন নেই। কিন্তু বোর্ডিংয়ের সময় রায়ানএয়ারের এক কর্মী তাকে ই-ভিসার নথি দেখাতে বলেন এবং দ্রুত কাজ শেষ করার জন্য বারবার তাগাদা দিতে থাকেন। সাঙ্গাকারা আরও কিছুটা সময় চাইলে ওই কর্মীর কথা বলার ধরন নিয়ে আপত্তি জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সাঙ্গাকারার অভিযোগ, ওই কর্মী তাকে বলেন, “আমি আপনাকে জাহাজের অন্য যাত্রীদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করব এবং আপনাকে জাহাজে উঠতে দেব না,” অর্থাৎ, তাকে বিমানের অন্য যাত্রীদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে এবং বিমানে উঠতে দেওয়া হবে না।

এ ধরনের হুমকিতে বিস্মিত হন বলে জানিয়েছেন সাঙ্গাকারা। তার দাবি, তিনি তখন কেবল প্রয়োজনীয় ই-ভিসার নথি দেখানোর চেষ্টা করছিলেন। ওই কর্মী তার সাথে তর্ক করার অভিযোগ তুলে তাকে আক্রমণাত্মক ও বিবাদপ্রিয় বলেও উল্লেখ করেন।

সাঙ্গাকারা আরও অভিযোগ করেন, রায়ানএয়ারের ওই কর্মী তাকে বলেছিলেন, “আপনাদের মতো পাসপোর্ট যাদের আছে, তাদের ক্ষেত্রে এমনটা প্রত্যাশিতই।”অর্থাৎ, ‘তোমাদের মতো পাসপোর্টধারীদের এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত।’ সাঙ্গাকারার স্ত্রী ইয়েহালিও ওই মন্তব্যের প্রতিবাদ জানান। সাঙ্গাকারা মন্তব্যটিকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন। তার স্ত্রীও দাবি করেন, ডাবলিনে সবাই তাদের সাথে ভালো আচরণ করলেও রায়ানএয়ারের ওই কর্মীর আচরণ ছিল ব্যতিক্রম।

শেষ পর্যন্ত পরিবারের সবাই বিমানে উঠতে সক্ষম হন। তবে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর জন্য ওই কর্মীর নাম জানতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেছেন সাঙ্গাকারা। তার দাবি, এরপরও ওই কর্মী তাকে হুমকি দিতে থাকেন।

এর আগে রায়ানএয়ার দাবি করেছিল, বাধ্যতামূলক অভিবাসনসংক্রান্ত যাচাইয়ের সময় সাঙ্গাকারা প্রয়োজনীয় ভিসার নথি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে পরে যাচাই সম্পন্ন করে তার ভ্রমণের যোগ্যতা নিশ্চিত করা হয় এবং ২৮ অক্টোবর ডাবলিন থেকে ব্রিস্টলগামী নির্ধারিত ফ্লাইটে তাকে উঠতে দেওয়া হয় বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

রায়ানএয়ারের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সাঙ্গাকারা। তার দাবি, নথি দেখাতে তিনি কখনোই অস্বীকৃতি জানাননি। ঘটনার বিষয়ে বিমান সংস্থাটির কাছে প্রায় দুই হাজার শব্দের লিখিত অভিযোগও জমা দিয়েছেন তিনি। এখন প্রতিষ্ঠানটির জবাবের অপেক্ষায় রয়েছেন শ্রীলঙ্কার এই ক্রিকেট কিংবদন্তি।