...|...|...

খেলা

শেষ বলে ছক্কায় হৃদয়ভাঙা হার, সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৭
Shares
শেষ বলে ছক্কায় হৃদয়ভাঙা হার, সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের আশা জিইয়ে রেখেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। হংকং সিক্সেস টুর্নামেন্টের বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ১ উইকেটে হেরে বিদায় নিয়েছে টাইগাররা। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে জয় পায় দক্ষিণ আফ্রিকা। শেষ বলে জয়ের জন্য ৫ রান প্রয়োজন ছিল তাদের। সেই বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন জরিচ ভন স্কালকুইক।

বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হাবিবুর রহমান সোহান। মাত্র ১৪ বলে ৮টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ৬০ রানে অপরাজিত থাকেন তিনি। ১৩ বলে ৫৪ রান করার পর নিয়ম অনুযায়ী রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও শেষ দিকে আবার ব্যাটিংয়ে ফেরেন সোহান।

আবু হায়দার রনি ১০ বলে ৩টি ছক্কায় অপরাজিত ২৮ রান করেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ৬ বলে করেন ২৬ রান। ম্যাচের চতুর্থ ওভারে ব্ল্যাক সিম্পসনের বলে সোহান ও মৃত্যুঞ্জয় মিলে ছয়টি ছক্কা হাঁকান। পরের ওভারের প্রথম বলেও ছক্কা মারেন রনি। ফলে টানা সাত বলে ছক্কা হজম করে দক্ষিণ আফ্রিকা।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে ঝড় তোলেন জরিচ ভন স্কালকুইক। ২০ বলে ১০টি ছক্কার সাহায্যে ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি। আয়াবুলেলা গামানে ৭ বলে করেন ৩০ রান।

বাংলাদেশের হয়ে অধিনায়ক আবু হায়দার রনি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান দুটি করে উইকেট নেন। তবে শেষ পর্যন্ত তাদের বোলিংয়ে জয় নিশ্চিত করা সম্ভব হয়নি। শেষ বলের ছক্কায় ম্যাচ জিতে বোল পর্বের ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা।