...|...|...

খেলা

ব্যালন ডি’অরের পূর্ণাঙ্গ পয়েন্ট তালিকা প্রকাশ, কত পয়েন্টে এমবাপ্পেকে হারিয়েছেন কেইন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫৮
Shares
ব্যালন ডি’অরের পূর্ণাঙ্গ পয়েন্ট তালিকা প্রকাশ, কত পয়েন্টে এমবাপ্পেকে হারিয়েছেন কেইন

ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে এবার হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে। শেষ পর্যন্ত মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে ফরাসি তারকাকে পেছনে ফেলে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের কেইন। এর মধ্য দিয়ে ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব গড়েছেন তিনি। পাশাপাশি ৪৫ বছর পর বায়ার্ন মিউনিখের কোনো ফুটবলারের হাতে উঠেছে এই স্বীকৃতি।

শুক্রবার (৩০ অক্টোবর) ফরাসি সংবাদমাধ্যম ‘লে’কিপ’ ২০২৬ সালের ব্যালন ডি’অর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের প্রাপ্ত পয়েন্টের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী, সর্বোচ্চ ১ হাজার ৫৫ পয়েন্ট পেয়েছেন কেইন। দ্বিতীয় স্থানে থাকা এমবাপ্পের সংগ্রহ ১ হাজার ২৭ পয়েন্ট। সংবাদমাধ্যমটির দাবি, ব্যালন ডি’অরের ৭০ বছরের ইতিহাসে এটি চতুর্থ সর্বনিম্ন ব্যবধানের জয়।

ব্যালন ডি’অরের ইতিহাসে এর চেয়েও কম ব্যবধানে জয়ের নজির রয়েছে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের তারকা ববি চার্লটন মাত্র এক পয়েন্টের ব্যবধানে পর্তুগালের কিংবদন্তি এউসেবিওকে হারিয়ে পুরস্কারটি জিতেছিলেন। ১৯৯৬ সালেও একই ব্যবধানে ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিওকে পেছনে ফেলেছিলেন জার্মানির ম্যাথিয়াস সামার। সেবার বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা এই ডিফেন্ডার ব্যালন ডি’অর জিতেছিলেন।

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল কেইনের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩টি গোল করে পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও ছয় গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নেন এই ইংলিশ ফরোয়ার্ড।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ গোল করার পাশাপাশি বিশ্বকাপে ১০ গোল করেছিলেন এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ডও এখন তার দখলে। তবে ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও ব্যালন ডি’অরের ভোটে কেইনের চেয়ে পিছিয়ে পড়েন ফরাসি তারকা।

ব্যালন ডি’অরের ভোটে ১০০ জন আন্তর্জাতিক সাংবাদিকের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড অংশ নেয়। নিয়ম অনুযায়ী, প্রত্যেক সাংবাদিকের প্রথম পছন্দের খেলোয়াড় পান ১৫ পয়েন্ট। দ্বিতীয় পছন্দের জন্য বরাদ্দ ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট। এরপর চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেওয়া হয়।

এবারের ভোটে তৃতীয় স্থান অর্জন করেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এমবাপের চেয়ে ১৪৬ পয়েন্ট কম পেয়ে তার সংগ্রহ দাঁড়ায় ৮৮১। প্রথম পছন্দ হিসেবে ১৩ জন সাংবাদিকের ভোটও পেয়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জয়ের পাশাপাশি স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তার মৌসুমটি ছিল উল্লেখযোগ্য।

চতুর্থ স্থানে রয়েছেন স্পেনের আরেক তারকা রদ্রি। মোট ৭২৬ পয়েন্ট এবং ১০টি প্রথম পছন্দের ভোট পেয়েছেন তিনি। তালিকায় পঞ্চম স্থানে থাকা আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সংগ্রহ ৬১২ পয়েন্ট।

ছেলেদের ব্যালন ডি’অরে প্রাপ্ত পয়েন্ট

১. হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ) – ১ হাজার ৫৫ পয়েন্ট
২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ) – ১ হাজার ২৭ পয়েন্ট
৩. লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা) – ৮৮১ পয়েন্ট
৪. রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি ও বর্তমানে বার্সেলোনা) – ৭২৬ পয়েন্ট
৫. লিওনেল মেসি (আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি) – ৬১২ পয়েন্ট
৬. খিচা কাভারৎস্খেলিয়া (জর্জিয়া ও পিএসজি) – ৫৪১ পয়েন্ট
৭. উসমান দেম্বেলে (ফ্রান্স ও পিএসজি) – ৪১৮ পয়েন্ট
৮. আর্লিং হালান্ড (নরওয়ে ও ম্যানচেস্টার সিটি) – ৩৭৮ পয়েন্ট
৯. মাইকেল ওলিসে (ফ্রান্স ও বায়ার্ন মিউনিখ) – ২৯৬ পয়েন্ট
১০. ফ্যাবিয়ান রুইজ (স্পেন ও পিএসজি) – ২০১ পয়েন্ট