...|...|...

খেলা

হারলেও সঠিক পথেই রয়েছে বাংলাদেশ হকি দল: আশরাফুল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১০:০৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৯
Shares
হারলেও সঠিক পথেই রয়েছে বাংলাদেশ হকি দল: আশরাফুল

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের পর এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বড় ব্যবধানে হারছে বাংলাদেশ। তবে একের পর এক পরাজয়ের মধ্যেও নিজেদের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক জাতীয় হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম। তার মতে, প্রতিপক্ষের সাথে বাংলাদেশের মূল পার্থক্য তৈরি হয়েছে গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে। বাংলাদেশ সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি, অন্যদিকে প্রতিপক্ষ নিজেদের সুযোগগুলো কাজে লাগিয়েছে।

ভারতের পাঞ্জাবের জলান্ধরে চলমান এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে  মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ এবং জাপানের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল দলটি। এই টুর্নামেন্টের আগে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসেও অংশ নিয়েছিল বাংলাদেশ।

চীনে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলা এবং এশিয়ান গেমসের অভিজ্ঞতা তুলে ধরে আশরাফুল বলেন, 'আমার মনে হয় যে আমরা সঠিক পথেই আছি। আমরা অনেকগুলা প্রস্তুতি ম্যাচ খেলছি চায়নাতে, এশিয়ান গেমসেও আমরা ওদের সাথে  খেলছি। এই ম্যাচেও আমরা অনেকগুলা সুযোগ তৈরি করছি, তবে সেগুলা কাজে লাগাইতে পারি নাই।'

ম্যাচের ফল নির্ধারণে সুযোগ কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, 'হকিতে এক মিনিটে তিন গোল সম্ভব। আমরা ওদের সাথে  প্রায় সমমানের আক্রমণ করেছি। কিন্তু ওরা ওয়ার্ল্ড কাপ বা অলিম্পিকের মতো বড় টুর্নামেন্ট খেলে, আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। অভিজ্ঞতা ও সুযোগ বাস্তবায়নের এই ব্যবধানটুকুই ম্যাচের ফল গড়ে দিয়েছে। আমরা যদি নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারতাম, তবে ফলাফল অন্যরকম হতে পারত।'

আশরাফুলের মতে, আন্তর্জাতিক পর্যায়ে বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাও প্রতিপক্ষের সাথে ব্যবধান গড়ে দিয়েছে। বিশ্বকাপ ও অলিম্পিকের মতো আসরে নিয়মিত খেলা দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বাংলাদেশের সুযোগ কাজে লাগানোর দক্ষতা বাড়াতে হবে।

এদিকে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে আগামী রবিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে এটি হবে বাংলাদেশের চতুর্থ ম্যাচ।