...|...|...

বিশ্ব

আকর্ষণীয় চাকরির প্রলোভন

ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪২
Shares
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

ছবি: সংগৃহীত

ভারতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করার পর দেহব্যবসায় বাধ্য করা ছয় বাংলাদেশি তরুণীকে পুনের অন্যতম পরিচিত যৌনপল্লি ‘বুধবার পেথ’-এর একাধিক আস্তানা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৮ অক্টোবর) শেষরাতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুনের ফারাসখানা থানা পুলিশ। মানবপাচার ও জোরপূর্বক যৌনবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ইতোমধ্যে দুই এজেন্টকে আটক করা হয়েছে। তবে চিহ্নিত অন্য দুই আসামি এখনো পলাতক রয়েছে, যাদের গ্রেফতারে অভিযান চলছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুনে পুলিশের জোন-১-এর উপপুলিশ কমিশনার (ডিসিপি) ঋষিকেশ রাওয়ালে-র নেতৃত্বে ফারাসখানা, বিশ্রামবাগ এবং খড়ক থানার সমন্বয়ে একটি যৌথ দল গঠন করে ওই যৌনপল্লির বিভিন্ন আস্তানায় একযোগে অভিযান চালানো হয়।

তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া নারীদের চার মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে পুনেতে নিয়ে আসা হয়েছিল। তাদের কাছে বৈধ কোনো ভ্রমণ নথি বা পরিচয়পত্র ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারীরা জানিয়েছেন, দালালরা অবৈধভাবে সীমান্ত পার করে মুম্বাইসহ ভারতের বিভিন্ন বড় শহরে আকর্ষণীয় চাকরির আশ্বাস দিয়েছিল। কিন্তু পরবর্তীতে তাদের পুনেতে এনে যৌনপল্লির মালিকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও পুনে শহর পুলিশ একই যৌনপল্লি থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল। সেবারও ভালো চাকরির লোভ দেখিয়ে তাদের ভারতে এনে জোরপূর্বক দেহব্যবসায় ঠেলে দেওয়া হয়েছিল।