...|...|...

বিশ্ব

১৩ হেক্টরজুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা উত্তর কোরিয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩২
Shares
১৩ হেক্টরজুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা উত্তর কোরিয়ার

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া তাদের কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে। যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা ও ধ্বংসক্ষমতা যাচাই করতেই এ পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩১ অক্টোবর) দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসন এ পরীক্ষা সম্পন্ন করে।

পরীক্ষাটি পর্যবেক্ষণ করেন জেনারেল কিম জং সিক। তিনি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য এবং দলটির কেন্দ্রীয় কমিটির একটি বিভাগের প্রথম উপ-পরিচালক।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল সিস্টেমস রিসার্চ ইনস্টিটিউট ও ওয়ারহেড রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, পরীক্ষায় দেশটির ‘টাইপ-২ স্ট্যান্ডার্ড ক্লাস্টার ওয়ারহেড’-এর সক্ষমতা যাচাই করা হয়েছে। তাদের দাবি, এই ওয়ারহেড প্রায় ১২ থেকে ১৩ হেক্টর বা ২৯ থেকে ৩২ একর এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।

দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসনের প্রধান জানিয়েছেন, ক্লাস্টার ওয়ারহেডগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে বিশেষ উদ্দেশ্যমূলক ও সাধারণ—দুই ধরনের ওয়ারহেড রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ চার ধরনের ওয়ারহেডই সামরিক ইউনিটগুলোর কাছে সরবরাহের পরিকল্পনা রয়েছে পিয়ংইয়ংয়ের।

এর ফলে সামরিক বাহিনী অভিযানের ধরন ও লক্ষ্যবস্তুর প্রকৃতি অনুযায়ী উপযুক্ত ওয়ারহেড বেছে নিতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ক্ষেত্রবিশেষে অস্ত্রের ধ্বংসক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবেই এ পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসন।