...|...|...

বিশ্ব

রিয়াদে ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩৬
Shares
রিয়াদে ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাওয়ার পথে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সোমবার ভোরে এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়ার রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

এর আগে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় রিয়াদের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এ সময় নগরীর বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রিয়াদের জন্য জারি করা জরুরি সতর্কতা তুলে নেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসংক্রান্ত ছবি, ভিডিও বা অন্যান্য তথ্য ধারণ, আদান-প্রদান ও প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।