...|...|...

বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় সড়কে ঝরল ৭ প্রাণ, নিহত বাংলাদেশি রুবেল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ভোর রাত ৫:৪২
Shares
দক্ষিণ আফ্রিকায় সড়কে ঝরল ৭ প্রাণ, নিহত বাংলাদেশি রুবেল

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন নারী এবং একজন বাংলাদেশি প্রবাসী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির নর্দার্ন কেপ ও পূর্ব কেপ প্রদেশে এসব দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯)। একই দিন পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের কাছে মিনিবাস ট্যাক্সি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ছয় নারী। ওই দুর্ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় প্রবাসী মেহেদি হাসান জানান, শনিবার দুপুরের পর দোকানের মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন রুবেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই গাড়িতে থাকা আরেক বাংলাদেশিও আহত হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। জীবিকার সন্ধানে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে কাজ করতেন।

স্থানীয় প্রবাসী নাসির উদ্দিন জানান, দোকানের মালিক দেশে চলে যাওয়ায় রুবেল নতুন করে গাড়ি চালানো শিখেছিলেন। শনিবার দোকানের জন্য প্রয়োজনীয় মালামাল কিনে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।

রুবেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশে থাকা তার পরিবারের ওপর। স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাইকে রেখে গেছেন তিনি। ফুফাতো ভাই আমির হোসেন ছুটি শেষে দক্ষিণ আফ্রিকায় ফিরে এলে দেশে যাওয়ার পরিকল্পনা ছিল রুবেলের। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো না। জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া রুবেলকে দেশে ফিরতে হবে নিথর দেহে।

অন্যদিকে, শনিবার সকালে পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে মিনিবাস ট্যাক্সি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয় নারী নিহত হন এবং আরও ছয়জন গুরুতর আহত হন।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ ও এসএবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, মিনিবাস ট্যাক্সিটি পশ্চিম কেপের বিউফোর্ট ওয়েস্ট থেকে পূর্ব কেপের দিকে যাচ্ছিল। গাড়িটিতে ১৬ জন যাত্রী ছিলেন। ট্রাকের সাথে সংঘর্ষের পর আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে একটি কিয়া রিও গাড়ির একজন আরোহী আহত হন।

পূর্ব কেপ প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে জানিয়েছেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চালকের ক্লান্তি দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলোর একটি হতে পারে।

এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে মামলা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।