...|...|...

বিশ্ব

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১:৪০
Shares
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে পাঁচজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। রবিবার (২৫ অক্টোবর) চিকিৎসাসূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, গাজা শহরের ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের একটি জমায়েত লক্ষ্য করে চালানো ওই হামলায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনার পর ক্যাম্পাসে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। হামলায় সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং তিনজন আহত হয়েছেন। মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের পূর্বে নিহত হয়েছেন ৩৩ বছর বয়সী এক ব্যক্তি।

এদিকে উত্তর গাজার আল-রাশিদ সড়কে বেসামরিক নাগরিকদের জমায়েতে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল-ফালুজা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়েছেন এক ফিলিস্তিনি। খান ইউনিসে গুলিবর্ষণে আহত হয়েছেন এক নারী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরটির পূর্ব ও দক্ষিণ অংশে কামানের গোলাবর্ষণের পাশাপাশি উপকূলেও গুলি ও গোলা ছুড়েছে ইসরায়েলি গানবোট।

স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোরে গাজা শহরের আল-তুফাহ এলাকায় দুটি বাড়ি ও ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৫৫১ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫৭৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। এ ছাড়া অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।