গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকসহ কয়েকজনকে মারধরের ঘটনায় লাইভে এসে উত্তেজিত হয়ে অতিরিক্ত কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ দুঃখ প্রকাশ করেন তাশরীফ। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘যারা কষ্ট পেয়েছেন আন্তরিক দুঃখ প্রকাশ করছি’।

ভিডিওবার্তায় তাশরীফ বলেন, টঙ্গীর ঘটনায় শুধু শিক্ষককেই মারধর করা হয়নি, দারোয়ানসহ আরও কয়েকজনকে মারধর করা হয়েছে এবং মাদ্রাসায় ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার প্রাথমিক চিত্র দেখে তিনি উত্তেজিত হয়ে লাইভে এসে বিভিন্ন কথা বলেছিলেন।
তিনি বলেন, ঘটনার বিচার আইনের মাধ্যমে হওয়া উচিত। কেউ অপরাধ করে থাকলে তদন্তে তা প্রমাণিত হওয়ার পর আইন অনুযায়ী তার শাস্তি নিশ্চিত করতে হবে। তবে একজনের অপরাধের কারণে একটি প্রতিষ্ঠান ভাঙচুর করা কিংবা অন্যদের মারধর করার পক্ষে তিনি নন।
তাশরীফ আরও বলেন, ঘটনার পর গত দুই দিনে তার বক্তব্য নিয়ে অনেকে বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন। তার কিছু কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
ভিডিওবার্তায় নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আল্লাহ, রাসুল, ইসলাম, দেশ, আলেম-ওলামা এবং মসজিদ-মাদ্রাসার সম্মানের বিষয়টি মাথায় রেখেই তিনি কথা বলেছিলেন। ব্যক্তিগত স্বার্থে কোনো বক্তব্য দেননি বলেও দাবি করেন তিনি।
শেষে তাশরীফ বলেন, তিনি দেশ, ইসলাম ও মানুষের কল্যাণে কাজ করতে চান। ভবিষ্যতেও এ ধরনের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবার কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

