দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জেরে মারধরের ঘটনার পর এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারামারির ঘটনার পর ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মারধরের সাথে তার মৃত্যুর সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


