জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।
গ্রেফতার ৫ জনের একজন উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়। শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বৈষ্ণব পাড়া ও লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ওই ছাত্রদল নেতাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। বিভিন্ন ব্রান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদের চোরাচালানে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার ব্রান্ডের ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর এসআই মো. সোহাগ রানার নেতৃত্বে উপজেলার বৈষ্ণব পাড়ার সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে ছাত্রদল নেতা উদয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. সুজাত মিয়া (৩৭), মো. সিফাত (২০), মো. রুবেল মিয়া (২৭), মো. ফুরকান হোসেন (১৯) এবং আমান উল্লাহ্ উদয় (২৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে চোরাইপথে মদ এনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন তারা।
এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরকম অভিযান চলমান থাকবে। রবিবার দুপুরে মাদকসহ পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


