চট্টগ্রামের পটিয়ায় বসতঘরে চুরির ঘটনায় স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে এ চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। তার ধারণা, চোর খাটের নিচে লুকিয়ে ছিল। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমুরা এলাকায় ভুক্তভোগী মো. হাসানুজ্জামান খানের (৪৫) নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাসানুজ্জামান খান বলেন, রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে দেখি, ঘরের দরজা খোলা। পরে মোবাইল খুঁজতে গিয়ে বুঝতে পারি, ঘরে চুরি হয়েছে। ধারণা করছি, চোর খাটের নিচে লুকিয়ে ছিল। আমরা ঘুমিয়ে থাকার পরও কিছুই টের পাইনি।
তিনি জানান, রাত দুইটার দিকে তার জামাতা বিদেশ থেকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোন বন্ধ পান। তার ধারণা, রাত সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে চুরি হওয়া মালামালের মধ্যে দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, আনুমানিক ৩০ আনা ওজনের স্বর্ণের হার, নগদ ১ লাখ ৪ হাজার টাকা এবং আরও কিছু মালামালের কথা উল্লেখ করা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী। একই সাথে তিনি পটিয়ার সংসদ সদস্য এনামুল হকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


