...|...|...

সারাদেশ

চট্টগ্রামে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৩০
Shares
চট্টগ্রামে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনায় জড়িত বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছেন স্থানীয় লোকজন। ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান (পাঠানি পোল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনায় জড়িত বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছেন স্থানীয় লোকজন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়িও যেতে দিচ্ছে না। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত এবং দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছেন। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করা এবং যান চলাচল শুরু করার চেষ্টা করছে পুলিশ।